logo

এবার রিয়াল-বায়ার্ন ম্যাচেও ইসলামবিদ্বেষী স্লোগান

এবার রিয়াল-বায়ার্ন ম্যাচেও ইসলামবিদ্বেষী স্লোগান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ম্যাচ ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কিছুদিন আগে শোনা স্পেন-মিসর ম্যাচের ইসলামবিদ্বেষী স্লোগান শোনা গেছে বার্নাব্যুতেও। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর আগে কিছু সমর্থকের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

ফরাসি গণমাধ্যম ফুট মারকাতো জানিয়েছে, ম্যাচের আগে একদল সমর্থক এমন একটি স্লোগান দেয়, যা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে অবমাননাকর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন সমর্থক দলবদ্ধভাবে সেই স্লোগান দিচ্ছেন।

ঘটনাটি নতুন নয় বলেই উদ্বেগ আরও বেড়েছে। এর আগে স্পেন ও মিসরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও একই ধরনের স্লোগান শোনা গিয়েছিল। সেই ঘটনার জেরে ইতোমধ্যে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে ফিফা।

ম্যাচ রেফারির প্রতিবেদনে ওই ঘটনার উল্লেখ থাকায় বিষয়টি ফিফার শৃঙ্খলা কমিটির নজরে গেছে। সম্ভাব্য শাস্তি হিসেবে জরিমানা কিংবা ভবিষ্যৎ ম্যাচে বর্ণবাদবিরোধী বার্তা প্রচারের নির্দেশ আসতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে স্প্যানিশ ফুটবলে এমন বিতর্ক প্রায়ই সামনে এসেছে। বিভিন্ন ম্যাচে খেলোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। ভিনিসিয়ুস জুনিয়রসহ একাধিক ফুটবলার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

এই পরিস্থিতি স্পেনের জন্য বাড়তি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির সময়। মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে স্পেনকে এখন আন্তর্জাতিকভাবে নিজেদের ভাবমূর্তি নিয়েও ভাবতে হচ্ছে।

ফিফার জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। সংস্থাটি বিশ্বকাপকে বর্ণবাদবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার বড় মঞ্চ হিসেবে দেখতে চায়। তাই আয়োজক দেশের স্টেডিয়ামে এমন ঘটনা বারবার সামনে আসা উদ্বেগের কারণ হয়ে উঠছে। 

সূত্র: ফুট মারকাতো