logo

পায়ের চোটে বিশ্বকাপ অনিশ্চিত ফেরমিন লোপেজের

পায়ের চোটে বিশ্বকাপ অনিশ্চিত ফেরমিন লোপেজের
ফেরমিন লোপেজ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে চোটের ধাক্কা যেন পিছু ছাড়ছে না স্পেনের। লামিন ইয়ামালের ফিটনেস নিয়ে শঙ্কার মধ্যেই এবার বড় দুঃসংবাদ এলো আরেক বার্সা তারকা ফেরমিন লোপেজকে নিয়ে। ডান পায়ের মেটাটার্সাল হাড়ে চিড় ধরা পড়ায় অস্ত্রোপচার করাতে হবে বার্সেলোনার এই মিডফিল্ডারকে। তাতে বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

রোববার (১৭ মে) রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ৩-১ জয়ের ম্যাচে চোট পান ফেরমিন। প্রথমার্ধ শেষে তাকে তুলে নিয়ে আলেহান্দ্রো বালদেকে নামান কোচ হানসি ফ্লিক।

সোমবার বার্সেলোনা জানায়, ২৩ বছর বয়সি এই মিডফিল্ডারের ডান পায়ের পঞ্চম মেটাটার্সালে চিড় ধরা পড়েছে এবং অস্ত্রোপচার লাগবে।

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা হবে ২৫ মে। তার এক সপ্তাহ আগে ফেরমিনের চোট লুইস দে লা ফুয়েন্তের পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এলো। খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই চোটে তার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বার্সেলোনার লা লিগা জয়ের মৌসুমে ফেরমিন ছিলেন গুরুত্বপূর্ণ পারফরমারদের একজন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে করেছেন ১৩ গোল, সঙ্গে ১৭ অ্যাসিস্ট। মৌসুমে দুই দফা কুঁচকির চোটে পড়লেও মাঠে ফিরেই ছন্দ দেখিয়েছেন লা মাসিয়া থেকে উঠে আসা এই মিডফিল্ডার।

এই ধারাবাহিকতার পুরস্কারও পেয়েছিলেন জানুয়ারিতে। নতুন চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার নিশ্চয়তা পান ফেরমিন। ক্লাব পর্যায়ের পারফরম্যান্স তাকে স্পেন দলেও জায়গা করে দেয়।

২০২৪ সালে জাতীয় দলে অভিষেকের পর স্পেনের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন ফেরমিন। চলতি মৌসুমে বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচে খেলেছেন তিনি। মার্চে সার্বিয়া ও মিসরের বিপক্ষে স্পেনের দুই প্রীতি ম্যাচেও মাঠে নেমেছিলেন, করেছিলেন একটি অ্যাসিস্ট।

২০২৪ ইউরোজয়ী স্পেন দলে থাকলেও সেই আসরে মাত্র ২৮ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন ফেরমিন। এবারের বিশ্বকাপ হতে পারত তার জন্য বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ। কিন্তু অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা সেই সম্ভাবনাকে প্রায় অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।

স্পেন ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে। এরপর ২১ জুন সৌদি আরব ও ২৭ জুন উরুগুয়ের মুখোমুখি হবে তারা। ইয়ামালের চোট নিয়ে আগেই উদ্বেগে থাকা স্পেনের জন্য ফেরমিনের এই চোট তাই বিশ্বকাপ প্রস্তুতিতে আরেকটি বড় আঘাত।