logo
Advertisement

ব্যালন ডি’অরের তালিকা প্রকাশ, মেসির সঙ্গে আছেন যারা

ব্যালন ডি’অরের তালিকা প্রকাশ, মেসির সঙ্গে আছেন যারা
ব্যালন ডি’অর হাতে লিওনেল মেসি। ছবি: ব্যালন ডি’অর

৩৯ বছর বয়সে নবম ব্যালন ডি’অর জয়ের দৌড়ে লিওনেল মেসি। দুই আসর বিরতির পর বিশ্বসেরার এই পুরস্কারের মনোনয়ন তালিকায় ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঘোষিত ৩০ জনের তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল ও হ্যারি কেইনের মতো তারকারাও। তবে জায়গা হয়নি পাঁচবারের বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর।

সর্বশেষ ২০২৩ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। এরপরের দুই বছরের মনোনয়ন তালিকায় ছিলেন না রেকর্ড আটবারের বিজয়ী। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর হিসাবে, এবার ক্যারিয়ারের ১৭তম মনোনয়ন পেলেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

এবারের বিশ্বকাপেও নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন মেসি। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে করেছেন আট গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি। জাতীয় দলকে বিদায় জানানোর পর এবার তাঁর সামনে ব্যক্তিগত অর্জনের ভান্ডার আরও সমৃদ্ধ করার সুযোগ।

মেসির সঙ্গে আর্জেন্টিনা থেকে তালিকায় আছেন ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ। ব্রাজিলের প্রতিনিধিত্ব করছেন ভিনিসিয়ুস জুনিয়র, মারকিনিওস ও গাব্রিয়েল। রোনালদো বাদ পড়লেও তাঁর আল নাসর সতীর্থ সাদিও মানে মনোনয়ন পেয়েছেন। সৌদি লিগের আরেক ক্লাব আল কাদসিয়ার মেক্সিকান ফরোয়ার্ড হুলিয়ান কিনিওনেসও আছেন তালিকায়।

পুরস্কার ধরে রাখার লড়াইয়ে আছেন গতবারের বিজয়ী উসমান দেম্বেলে। মনোনয়ন পেয়েছেন ২০২৪ সালের বিজয়ী রদ্রিও। বর্তমান ক্লাবের হিসাবে পিএসজির দাপট সবচেয়ে বেশি, ফরাসি ক্লাবটির ১০ ফুটবলার জায়গা পেয়েছেন তালিকায়। তাঁদের মধ্যে আছেন দেম্বেলে, ভিতিনিয়া, আশরাফ হাকিমি ও খভিচা কাভারাতসখেলিয়া।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পুরস্কারটির ৭০তম আসর প্রথমবারের মতো বসছে ব্রিটিশ রাজধানীতে। পুরুষদের বিজয়ী নির্বাচনে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেবেন। ব্যক্তিগত পারফরম্যান্স, দলের অর্জন এবং খেলোয়াড়সুলভ আচরণ বিবেচনায় প্রত্যেকে মনোনীতদের মধ্য থেকে সেরা ১০ জনকে বেছে নেবেন।

মনোনয়ন পাওয়া ৩০ ফুটবলার

জুড বেলিংহ্যাম, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, উসমান দেম্বেলে, লুইস দিয়াস, ব্রুনো ফার্নান্দেজ, গাব্রিয়েল, আর্লিং হালান্ড, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, খভিচা কাভারাতসখেলিয়া, লামিনে ইয়ামাল, সাদিও মানে, মারকিনিওস ও লাউতারো মার্তিনেজ।

কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেস, লিওনেল মেসি, জোয়াও নেভেস, মাইকেল ওলিসে, উইলিয়ান পাচো, হুলিয়ান কিনিওনেস, ডেকলান রাইস, রদ্রি, ফাবিয়ান রুইজ, উইলিয়াম সালিবা, ফেরান তোরেস, দায়োত উপামেকানো, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতিনিয়া।