logo

বিশ্বকাপের চার মাস আগে কোচ সংকটে মরক্কো

বিশ্বকাপের চার মাস আগে কোচ সংকটে মরক্কো

বিশ্বকাপের আর মাত্র চার মাস বাকি। ঠিক এমন সময়ে বড় অনিশ্চয়তার মুখে মরক্কো ফুটবল দল। ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়া দলটি হঠাৎ করেই কোচ পরিবর্তনের পথে হাঁটতে পারে—এমন জোরাল গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইউরোপীয় গণমাধ্যমে।

খবরে বলা হচ্ছে, বর্তমান কোচ ওয়ালিদ রেগরাগুই আফ্রিকা কাপ অব নেশনসে ফাইনালে সেনেগালের কাছে হারের পর নিজেই দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সাংবাদিক সান্তি আউওনার দাবি, মরক্কান ফুটবল ফেডারেশন তার পদত্যাগের অনুরোধ মেনে নিয়েছে।

যদিও ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিদায়ের খবর অস্বীকার করেছে, তবে কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রেগরাগুই বিদায় নিলে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছেন মোহামেদ ওয়াহবি। সম্প্রতি চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোকে শিরোপা জিতিয়েছেন তিনি।

ওয়াহবি মরক্কোর নতুন প্রজন্মের ফুটবলারদের খুব ভালোভাবে চেনেন। তবে দায়িত্ব নিলে বিশ্বকাপের আগে তার হাতে থাকবে মাত্র চারটি প্রস্তুতি ম্যাচ, যা বড় মঞ্চের আগে যথেষ্ট কি না তা নিয়েই প্রশ্ন।

এক সাক্ষাৎকারে ওয়াহবি বলেছিলেন, ‘আমরা যেন কাচের ছাদ ভেঙে ফেলেছি। এখন আর কাউকে ভয় পাই না, তবে সবাইকে সম্মান করি। ২০২২-এ রেগরাগুই যা করেছেন, সেটিই ভবিষ্যতের ভিত্তি।’

মার্চে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ নির্ধারিত রয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর প্রথম প্রতিপক্ষ হবে  ব্রাজিল, এরপর স্কটল্যান্ড ও হাইতি।

দলে থাকছেন পরিচিত মুখ হাকিমি, দিয়াজ ও এন নাইসিরিদের মতো তারকারা।

মরক্কোর ফুটবল মহলে আলোচনা আছে যদি রেগরাগুই বিদায় নেন, তবে ফেডারেশন বিশ্বকাপজয়ী কোনো কোচের দিকেও ঝুঁকতে পারে। যদিও সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের নাম আলোচনায় থাকলেও তাকে আপাতত সম্ভাব্য তালিকায় রাখা হয়নি।

২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে আফ্রিকার প্রথম দল হিসেবে ইতিহাস গড়েছিল মরক্কো। সেই সাফল্যের পর প্রত্যাশাও আকাশছোঁয়া।

বিশ্বকাপের এত কাছাকাছি সময়ে কোচ পরিবর্তন ঝুঁকি নাকি সাহসী সিদ্ধান্ত? মরক্কোর ফুটবল এখন সেই প্রশ্নের মুখোমুখি।