logo
Advertisement

বার্সা বিতর্কের মধ্যেই টানা তিন দিন অনুশীলনে নেই আলভারেজ

এশিয়া পোস্ট স্পোর্টস
বার্সা বিতর্কের মধ্যেই টানা তিন দিন অনুশীলনে নেই আলভারেজ
হুলিয়ান আলভারেজ। ছবি: এএস

হুলিয়ান আলভারেজকে ঘিরে আতলেটিকো মাদ্রিদের অস্বস্তি আরও বাড়ল। অসুস্থতার কারণে টানা তৃতীয় দিনের মতো দলের সঙ্গে অনুশীলন করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফলে শনিবার সেভিয়ার বিপক্ষে তার খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।

Advertisement

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, শুক্রবার মাহাদাহোন্দায় আতলেটিকোর অনুশীলনে উপস্থিত ছিলেন না আলভারেজ। আগের দুই দিনও অসুস্থতার কথা জানিয়ে অনুশীলনে যোগ দেননি তিনি। এখনো দলের সঙ্গে ফেরার মতো অবস্থায় পৌঁছাতে পারেননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে আতলেটিকোর সর্বশেষ ম্যাচের পর থেকে দলের সঙ্গে কোনো অনুশীলন করেননি আলভারেজ। সেই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সময় মেত্রোপলিতানোর দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল তাকে। বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় নিজেদের ফরোয়ার্ডের ওপর ক্ষুব্ধ আতলেটিকো সমর্থকেরা।

আলভারেজের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করলেও তার বর্তমান মানসিক অবস্থার সঙ্গে দলবদল বিতর্ককে যুক্ত করেছেন আতলেটিকোর প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিন।

বৃহস্পতিবার মোনাকোয় তিনি বলেন, ‘হুলিয়ান সত্যিই খুব খারাপ সময়ের মধ্যে আছে। কিছু মানুষ তাকে প্রতারিত ও বিভ্রান্ত করেছে। আমি তাকে চিনি। সে দারুণ মানুষ, পেশাদার ও ফুটবলার। এখন ব্যক্তিগত ও পেশাগতভাবে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’

বার্সেলোনা ও আলভারেজের প্রতিনিধিদের দিকেই ইঙ্গিত ছিল গিল মারিনের। বার্সার সঙ্গে কোনো আলোচনায় বসবেন না জানিয়ে তিনি স্পষ্ট করেছেন, তার দায়িত্বে থাকাকালে আলভারেজকে কাতালান ক্লাবটির কাছে বিক্রি করা হবে না।

আতলেতিকো এখনো আলভারেজকে ধরে রাখতে চায়। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লাবটিতে থাকা অসম্ভব মনে করলে অন্য কোনো গন্তব্য খোঁজা হতে পারে। সম্ভাব্য বিকল্প হিসেবে ইংলিশ ক্লাব আর্সেনালের নামও আলোচনায় রয়েছে।

এর মধ্যেই আলভারেজের অনুপস্থিতি দিয়েগো সিমিওনের মাঠের পরিকল্পনায় বড় সমস্যা তৈরি করেছে। আলেক্সান্ডার সর্লোথ পেশির চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি। মূল দুই স্ট্রাইকারকে ছাড়াই তাই সেভিয়ার বিপক্ষে আক্রমণভাগ সাজানোর বিকল্প খুঁজতে হচ্ছে আতলেতিকো কোচকে।

স্প্যানিশ দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে সমাধান মিলবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে টানা তিন দিন অনুশীলনে না থাকায় মাঠের বাইরের বিতর্ক এবার সরাসরি আতলেতিকোর খেলার পরিকল্পনাতেও প্রভাব ফেলতে শুরু করেছে।

বার্সা বিতর্কের মধ্যেই টানা তিন দিন অনুশীলনে নেই আলভারেজ