logo

খেলোয়াড় নয়, নতুন ভূমিকায় বার্নাব্যুতে ফিরতে পারেন ক্রুস

খেলোয়াড় নয়, নতুন ভূমিকায় বার্নাব্যুতে ফিরতে পারেন ক্রুস

জার্মান মিডফিল্ড মায়েস্ত্রো টনি ক্রুসকে এখনও ভীষণভাবে মিস করে রিয়াল মাদ্রিদ। সেই শূন্যতাই এবার নতুনভাবে পূরণ করার পরিকল্পনা করছে ক্লাবটি। জার্মান এই কিংবদন্তিকে আবারও ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে তারা, যদিও এবার তা মাঠের খেলোয়াড় হিসেবে নয়।

ক্লাবের অভ্যন্তরীণ আলোচনায় ইতোমধ্যেই একটি বিষয়ে একমত হয়েছেন কর্তারা, আগামী মৌসুম থেকেই ক্রুসকে ক্লাবের স্পোর্টিং কাঠামোর অংশ হিসেবে দেখতে চান তারা। কী দায়িত্বে তাকে আনা হবে, সেটি এখনও চূড়ান্ত না হলেও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গেছে।

২০২৪ সালে ফুটবলকে বিদায় জানানোর পর থেকেই ক্রুসের অভাবটা স্পষ্ট হয়ে উঠেছে রিয়ালের মাঝমাঠে। অভিজ্ঞতা, খেলার নিয়ন্ত্রণ আর নেতৃত্বের জায়গায় তার প্রভাব ছিল আলাদা। ক্লাব মনে করছে, সরাসরি মাঠে না নামলেও তার উপস্থিতি বর্তমান দলকে দারুণভাবে সাহায্য করতে পারে।

বিশেষ করে নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য ক্রুসের অভিজ্ঞতা বড় সম্পদ হয়ে উঠতে পারে। কোচিং স্টাফের সঙ্গেও তার বোঝাপড়া ভালো হওয়ায় প্রতিদিনের কাজেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে রিয়াল।

ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও এই পরিকল্পনার বড় সমর্থক। ক্রুসের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ছিল মসৃণ, ক্যারিয়ারের সময় থেকে শুরু করে বিদায়ের পরও সেটি একই রকম রয়েছে।

ক্রুস নিজেও মাদ্রিদেই স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি বোয়াদিয়া দেল মন্তেতে নিজের ফুটবল অ্যাকাডেমি চালু করেছেন তিনি। সেই অ্যাকাডেমির দল নিয়ে কয়েকবার রিয়ালের ট্রেনিং গ্রাউন্ডেও গিয়েছেন এবং তরুণদের সঙ্গে সময় কাটিয়েছেন।

রিয়ালের হয়ে শেষ ম্যাচের স্মৃতি এখনও ভক্তদের মনে গেঁথে আছে। বিদায়ের কয়েক দিনের মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্যারিয়ারের ইতি টানেন তিনি, যা এক অর্থে আদর্শ সমাপ্তিই বলা যায়।

সব মিলিয়ে, ক্রুসের ফেরাটা এখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। কী ভূমিকায় তিনি ফিরবেন সেটি এখনও পরিষ্কার নয়, তবে একটি বিষয় নিশ্চিত, রিয়াল মাদ্রিদ আবারও তাকে নিজেদের ভেতরে দেখতে চায়। 

সূত্র: দিয়ারিও এএস