ইরানকে সমর্থন করে মার্কিন বিজ্ঞাপন চুক্তি হারালেন সাবেক জাপানি ফুটবলার

জাপানের ফুটবল কিংবদন্তি কেইসুকে হোন্ডা জানিয়েছেন, ইরানের জাতীয় দলের বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে মত দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার একটি বিজ্ঞাপন চুক্তি বাতিল হয়ে গেছে।
৩৯ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি বিশ্বকাপকে সামনে রেখে যে বিজ্ঞাপন প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল, সেটি তার একটি মন্তব্যের পর “স্থগিত” করে দেওয়া হয়েছে।
হোন্ডা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, তিনি চান ইরান যেন আসন্ন বিশ্বকাপে খেলতে পারে।
তিনি বলেন, ‘আমি জানি এটি খুব সংবেদনশীল বিষয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাই তারা বিশ্বকাপে অংশ নিক।’
এই মন্তব্যটি আসে এমন এক সময়ে, যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা সামরিক প্রতিক্রিয়া দেখায়, যার ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
হোন্ডা পরে আরেকটি পোস্টে জানান, তার ওই মন্তব্যের পরই একটি মার্কিন কোম্পানি তাদের বিজ্ঞাপন প্রচারণা বন্ধ করে দেয়।
তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে আমার এই বক্তব্যের কারণেই একটি মার্কিন কোম্পানি বিশ্বকাপকে কেন্দ্র করে যে বিজ্ঞাপনটি চূড়ান্ত করার পথে ছিল, তা বাতিল করেছে।’
এছাড়া তিনি সমালোচনা করে বলেন, ‘যেসব কোম্পানি মূল বিষয় না বুঝে বিকৃত চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকা উচিত নয়।’
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে। তবে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও দলটি ইতিমধ্যেই টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি মন্তব্য করেছেন, ইরানের দলটির বিশ্বকাপে অংশ নেওয়া “উপযুক্ত নাও হতে পারে”, যদিও তিনি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করেছেন।
এর জবাবে ইরানের জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বলা হয়, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং কোন দল খেলবে তা নির্ধারণের দায়িত্ব ফিফার, কোনো একক দেশের নয়।
২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত জাপানের হয়ে খেলেছেন কেইসুকে হোন্ডা। তিনি জাতীয় দলের হয়ে ৯৮ ম্যাচে ৩৮ গোল করেছেন এবং ২০১০, ২০১৪ ও ২০১৮—এই তিনটি বিশ্বকাপে অংশ নেন।
২০১১ সালে জাপানের এশিয়ান কাপ জয়ে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ পাঁচ মহাদেশে ক্লাব ফুটবল খেলার পর ২০২৪ সালে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নেন এবং কোচিংয়ে যুক্ত হন।
বর্তমানে জাপানে তিনি শুধু সাবেক ফুটবলার নন, বরং আন্তর্জাতিক ক্রীড়াজগতের অন্যতম পরিচিত মুখ হিসেবেও বিবেচিত।