আবারও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের

শুরুটা আশা জাগিয়েছিল। প্রথম ১৫ মিনিটে বলের দখল রাখা, আক্রমণে ওঠা সবই ছিল বাংলাদেশের। কিন্তু গোলের দেখা মেলেনি। উল্টো প্রথমার্ধে রায়ান স্টুয়ার্টের একমাত্র গোলেই ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সোমবার এই হারে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্টশূন্য থাকল টমাস ডুলির দল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
মালয়েশিয়া ম্যাচের একাদশে চার পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন ডুলি। ফিরেছিলেন জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, সুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। বাদ পড়েন সোহেল রানা, ফারহান আলী, শাকিল আহাদ তপু ও ফাহামিদুল ইসলাম।
পরিবর্তনের প্রভাব শুরুতেই দেখা যায়। দ্বিতীয় মিনিটেই কর্নার আদায় করে বাংলাদেশ। জামালের নেওয়া কর্নার থেকে অবশ্য সুযোগ তৈরি হয়নি। এরপরও প্রথম ১৫ মিনিটে বেশ কয়েকবার সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করে লাল-সবুজরা। ১৫ মিনিটে বল নিয়ে বক্সে ঢুকেছিলেন রাকিব হোসেন, কিন্তু তাঁর বাড়ানো বল নেওয়ার মতো কেউ ছিলেন না।
ষষ্ঠ মিনিটেই অবশ্য হলুদ কার্ড দেখেন শমিত সোম। ফারহান জুলকিফলিকে পেছন থেকে জার্সি ধরে টানায় তাঁকে সতর্ক করেন রেফারি।
সময় গড়ানোর সঙ্গে ম্যাচে ফিরতে থাকে সিঙ্গাপুর। ১৬ মিনিটে ইলহান ফান্দির শট ঝাঁপিয়ে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। সেই আক্রমণ থেকেই পরপর দুটি কর্নার পেয়েছিল সিঙ্গাপুর।
৩০ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। কিন্তু কুলিং ব্রেকের পরই পাল্টে যায় চিত্র। ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে সিঙ্গাপুরের বিপজ্জনক ফ্রি-কিক ঠেকিয়ে দেন মেহেদী।
দুই মিনিট পর আর পারেননি বাংলাদেশের গোলরক্ষক। ডান দিক থেকে আসা ক্রসে হেড করে ৩৫ মিনিটে সিঙ্গাপুরকে এগিয়ে দেন রায়ান স্টুয়ার্ট।
গোলের পর আরও চেপে বসে সিঙ্গাপুর। মাত্র দুই মিনিট পর তাদের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ভাগ্য পাশে না থাকলে বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ হতে পারত। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু সিঙ্গাপুরের রক্ষণ ভাঙার মতো কার্যকর আক্রমণ তৈরি করতে পারেনি। অন্যদিকে প্রথমার্ধের লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে সিঙ্গাপুর। শেষ বাঁশিতে স্কোরলাইন থেকে যায় ১-০।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক হতাশাও এতে আরও দীর্ঘ হলো। গত বছরের জুনে ঢাকায় ২-১ এবং চলতি বছরের মার্চে সিঙ্গাপুরের মাঠে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার নিরপেক্ষ ভেন্যু জাকার্তাতেও একই প্রতিপক্ষের কাছে হারতে হলো।
দুই ম্যাচ শেষে আসিয়ান কাপে বাংলাদেশের এখনো কোনো পয়েন্ট নেই, গোলও করতে পারেনি। তিন ম্যাচের গ্রুপ পর্বে ডুলির দলের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।
