logo
Advertisement

প্রায় রেকর্ড দামে বারকোলাকে আনল লিভারপুল

এশিয়া পোস্ট স্পোর্টস
প্রায় রেকর্ড দামে বারকোলাকে আনল লিভারপুল
ব্রাডলি বারকোলা। ছবি: লিভারপুল

দীর্ঘ অপেক্ষার পর ব্র্যাডলি বারকোলাকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে লিভারপুল। প্যারিস সেন্ট জার্মেই থেকে ফরাসি ফরোয়ার্ডকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। সম্ভাব্য সব বোনাসসহ দলবদলের অঙ্ক ১২ কোটি ৩০ লাখ পাউন্ডে পৌঁছাতে পারে।

Advertisement

সোমবার স্বাস্থ্য পরীক্ষা ও চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করার পর বারকোলাকে উন্মোচন করে লিভারপুল। ২৩ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। নতুন ক্লাবে ২৯ নম্বর জার্সি পরবেন তিনি।

দলবদলের আর্থিক তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি লিভারপুল কিংবা পিএসজি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, শুরুতেই ১০ কোটি ৬০ লাখ পাউন্ড দেবে লিভারপুল। বিভিন্ন শর্ত পূরণ হলে আরও এক কোটি ৭০ লাখ পাউন্ড যোগ হবে। ইউরোর হিসাবে মোট অঙ্কটি প্রায় ১৪ কোটি ৪০ লাখ।

পূর্ণ অর্থ পরিশোধ করতে হলে এটি হবে লিভারপুল ও প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের দলবদল। গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে আলেকজান্ডার ইসাককে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে কিনেছিল লিভারপুল। বারকোলার সম্ভাব্য মূল্য সেই রেকর্ডের চেয়ে মাত্র ২০ লাখ পাউন্ড কম।

অ্যানফিল্ডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত বারকোলা। লিভারপুলের ওয়েবসাইটে তিনি বলেন, ‘লিভারপুলের হয়ে খেলার সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় সম্মান। আলোচনায় অনেক সময় লেগেছে, তবে এখন আমি ভীষণ খুশি। দ্রুত মাঠে নামতে চাই।’

নতুন ক্লাবের হয়ে নিজের লক্ষ্যও পরিষ্কার করেছেন ফরাসি তারকা। প্রিমিয়ার লিগ জেতাকে জীবনের অন্যতম বড় স্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বারকোলা বলেন, ‘আমি বড় কিছু অর্জন করতে চাই। প্রথম লক্ষ্য প্রিমিয়ার লিগ জয়। এটি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। দীর্ঘ সময় এই দলের অংশ হতে চাই বলেই লম্বা চুক্তি করেছি।’

বারকোলাকে পেতে বেশ কয়েকটি ক্লাব আগ্রহী ছিল। তবে লিভারপুলের প্রস্তাব জানার পর অ্যানফিল্ডেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পিএসজি তার বিকল্প খেলোয়াড় নিশ্চিত করার অপেক্ষায় থাকায় দলবদল সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছে।

২০২৩ সালে শৈশবের ক্লাব অলিম্পিক লিওঁ ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন বারকোলা। প্যারিসের ক্লাবটির হয়ে তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫২ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৩৯ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩৭টি।

পিএসজির হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৩টি শিরোপা জিতেছেন বারকোলা। তার বিদায়ে প্রকাশিত বার্তায় পিএসজি জানিয়েছে, মাত্র ২০ বছর বয়সে প্যারিসে এসে অসাধারণ উন্নতি করেছেন এই ফরোয়ার্ড। ক্লাবটির ইতিহাসের অন্যতম সুন্দর অধ্যায় রচনাতেও ভূমিকা ছিল তার।

মোহাম্মদ সালাহর বিদায়ের পর আক্রমণভাগ নতুন করে সাজাচ্ছে লিভারপুল। দীর্ঘমেয়াদি চোটে মাঠের বাইরে আছেন উগো একিতিকেও। নতুন কোচ আন্দোনি ইরাওলার দলের আক্রমণে এবার ইসাক, কোডি গাকপো ও রিও এনগুমোহার সঙ্গে যোগ হলেন বারকোলা।

বিপুল অঙ্কের দলবদলের চাপ নিয়েই অ্যানফিল্ডে যাত্রা শুরু করবেন ফরাসি ফরোয়ার্ড। তবে বারকোলার চোখ অর্থের অঙ্কে নয়, প্রিমিয়ার লিগের শিরোপায়।

প্রায় রেকর্ড দামে বারকোলাকে আনল লিভারপুল