logo
Advertisement

বউ যা বলবে তাই করব, রিয়ালে ফেরা নিয়ে এনদ্রিক

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বউ যা বলবে তাই করব, রিয়ালে ফেরা নিয়ে এনদ্রিক

ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর হয়ে গোলের পর গোল করে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। রেনের বিপক্ষে ৪-২ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি পেনাল্টি আদায়েও ভূমিকা রেখেছেন রিয়াল মাদ্রিদ থেকে ধারে যাওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ম্যাচের পর আলোচনায় তার পারফরম্যান্সের পাশাপাশি উঠে এসেছে ভবিষ্যৎ নিয়েও মন্তব্য।

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে ফিরবেন, নাকি লিওঁতেই থাকবেন, এমন প্রশ্নে সরাসরি উত্তর দেননি ১৯ বছর বয়সি এনদ্রিক। বরং রসিকতার সুরেই বলেছেন, সিদ্ধান্তে স্ত্রী ও ঈশ্বরের ইচ্ছাই বড় ভূমিকা রাখবে।

এনদ্রিক বলেন, ‘ঈশ্বর আমাকে যা বলবেন, আমার স্ত্রী যা বলবে, আমি তাই করব। লিওঁতে থাকতে হলে আনন্দের সঙ্গেই থাকব।’

রিয়াল মাদ্রিদের প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। তার ভাষায়, ‘রিয়াল মাদ্রিদে ফিরতে হলে ফিরব। রিয়াল যদি আমাকে অন্য কোথাও পাঠাতে চায়, সেখানেও যাব। তবে কী করব, সেটা ঈশ্বরের সিদ্ধান্তই আমাকে বলে দেবে।’

রেনের বিপক্ষে ম্যাচে এনদ্রিক প্রথমে আফনসো মোরেইরাকে দিয়ে পেনাল্টি আদায়ে সহায়তা করেন। এরপর ৭৫ মিনিটের দিকে ডান পায়ের শটে নিজেই গোল করে লিওঁর জয় নিশ্চিত করেন। এই জয়ে লিগ আঁ-তে তৃতীয় স্থানে উঠে এসেছে লিওঁ, যা আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ এনে দিতে পারে।

ফরাসি সংবাদমাধ্যমের ধারণা, লিওঁ যদি চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে পারে, তাহলে এনদ্রিককে আরও এক মৌসুম ধরে রাখার সম্ভাবনা বাড়তে পারে। রিয়ালে ফেরার আগে নিয়মিত খেলার সুযোগ পাওয়াও তার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

লিওঁর হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন এনদ্রিক, যার ১৭টিতেই ছিলেন শুরুর একাদশে। এই সময়ে করেছেন ৮ গোল, সঙ্গে আছে ৭টি অ্যাসিস্ট। ধারের মেয়াদ শেষ হতে আর মাত্র দুই ম্যাচ বাকি থাকায় তার ভবিষ্যৎ নিয়ে আগ্রহ আরও বাড়ছে।

এনদ্রিকের স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দাও আলোচনায় এসেছেন তার মন্তব্যের কারণে। মডেল ও ইনফ্লুয়েন্সার গ্যাব্রিয়েলিকে ২০২৪ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন এনদ্রিক। দুজনের সম্পর্ক নিয়ে আগে থেকেই আলোচনায় ছিল তাদের ‘কাপল কন্ট্রাক্ট’, যেখানে কিছু আচরণগত নিয়ম ও বার্তায় নির্দিষ্ট শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞার কথা তারা প্রকাশ করেছিলেন।

তবে মাঠের প্রশ্ন এখন একটাই, মৌসুম শেষে এনদ্রিকের গন্তব্য কোথায়। লিওঁ তাকে রাখতে চাইবে, রিয়াল মাদ্রিদও ভবিষ্যৎ পরিকল্পনা ভাববে, আর এনদ্রিক আপাতত সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছেন ঈশ্বর, ক্লাব এবং নিজের বউয়ের ওপর।