logo
Advertisement

৩০ বছর পর ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

৩০ বছর পর ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু। ছবি: গেটি ইমেজ

তিন দশক পর আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ফিরছে ক্যাম্প ন্যুতে। ২০২৯ সালের ইউরোপ সেরার শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে বার্সেলোনার মাঠে। এর আগের বছর, ২০২৮ সালের ফাইনালের আয়োজক বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভেন্যু দুটি নিশ্চিত করেছে উয়েফা।

ক্যাম্প ন্যুতে সবশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল ১৯৯৯ সালে। সেই ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে যোগ করা সময়ে দুই গোল করে ২-১ ব্যবধানে অবিশ্বাস্য জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে ১৯৮৯ সালেও ইউরোপিয়ান কাপের ফাইনাল হয়েছিল এই মাঠে। ফলে ২০২৯ সালে তৃতীয়বারের মতো ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করবে ক্যাম্প ন্যু।

দীর্ঘ সংস্কারকাজের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনার ঐতিহাসিক স্টেডিয়ামটি। ২০২৩ সালে শুরু হওয়া পুনর্নির্মাণ এখনো পুরোপুরি শেষ হয়নি। সংস্কার শেষে ক্যাম্প ন্যুকে আরও বড় ও আধুনিক স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে বার্সেলোনার।

উয়েফার সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। তার ভাষায়, ‘এটি বার্সেলোনা এবং আমাদের সমর্থকদের জন্য অত্যন্ত গর্বের খবর। বিশ্বের অন্যতম বড় ফুটবল ইভেন্ট আয়োজনের জন্য উয়েফার এই আস্থা আমাদের প্রকল্পের পরিধি ও উচ্চাকাঙ্ক্ষাকেই তুলে ধরে।’

এক বছর আগে, ২০২৮ সালে ফাইনাল হবে মিউনিখে। আলিয়াঞ্জ অ্যারেনার জন্যও সেটি হবে তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ২০১২ সালে এই মাঠে বায়ার্নকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। ২০২৫ সালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল পিএসজি।

এর আগে ২০২৭ সালের ফাইনাল হবে মাদ্রিদের আতলেতিকো মাদ্রিদের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানোতে। উয়েফা একই সঙ্গে ২০২৮ ও ২০২৯ সালের ইউরোপা লিগ, কনফারেন্স লিগ ও নারী চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যুও ঘোষণা করেছে।