logo

মেসি ও সুয়ারেজের গোলেও আটকে গেল মায়ামি

মেসি ও সুয়ারেজের গোলেও আটকে গেল মায়ামি
লিওনেল মেসি। ছবি: মায়ামির এক্স থেকে নেওয়া

লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিক, সঙ্গে লুইস সুয়ারেজের গোল। তারপরও জয় পেল না ইন্টার মায়ামি। ঘরের মাঠে সান দিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ফ্লোরিডার ক্লাবটি।

মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় সান দিয়েগো। আন্দেরস ড্রেয়ারের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেসিকে। ২৪ মিনিটে বক্সের ডান পাশ থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক বাঁকিয়ে ওপরের কোণে জড়ান আর্জেন্টাইন তারকা। চলতি এমএলএসে এটি তার ২০তম গোল। গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির হয়ে এটি তার ১০১তম গোল।

১-১ সমতায় বিরতির পর দ্বিতীয়ার্ধে জয়ের জন্য চাপ বাড়ায় মায়ামি। ৭৪ মিনিটে ফলও আসে। রদ্রিগো দি পলের নিখুঁত পাস থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠান সুয়ারেজ। চলতি লিগে উরুগুইয়ান স্ট্রাইকারের এটি ১৩তম গোল।

কিন্তু লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ৮২ মিনিটে আবারও গোল করেন ড্রেয়ার। তার দ্বিতীয় গোলেই সমতায় ফেরে সান দিয়েগো।

শেষ দিকে জয়সূচক গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় মায়ামি। উল্টো যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সান দিয়েগোর কিয়েরান সার্জেন্টের শট ঠেকিয়ে মায়ামিকে হার থেকে বাঁচান গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার।

শেষ পর্যন্ত ২-২ সমতাতেই শেষ হয় ম্যাচ। ২৬ ম্যাচে ১২ জয়, ১০ ড্র ও ৪ হারে মায়ামির পয়েন্ট এখন ৪৬।