মাঠে ভয়াবহ বজ্রপাত, প্রাণ গেল ফুটবলারের

থাইল্যান্ডের ফুটবল মাঠে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী ফুটবলার সফওয়ান আওয়ে। মর্মান্তিক এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে একজন মালয়েশিয়ান ফুটবলারও রয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের শান্তিফাপ স্টেডিয়ামে ঘটনাটি ঘটে। সেখানে গোলক এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিন।
সুঙ্গাই গোলক পুলিশের প্রধান থুন সিরিখুন্ত জানিয়েছেন, ম্যাচটি শেষ হওয়ার পর শুরু হয় প্রবল বৃষ্টি। খেলোয়াড় ও কর্মকর্তাদের অনেকে তখনো মাঠে ছিলেন। এর মধ্যেই হঠাৎ মাঝমাঠে বজ্রপাত হয়। তীব্র আলোর ঝলকানি ও বিকট শব্দের পর মাঠে থাকা বেশ কয়েকজন লুটিয়ে পড়েন।
বজ্রপাতে গুরুতর আহত হন সফওয়ান। তাকে বাঁচাতে ঘটনাস্থলেই চেষ্টা করেন সতীর্থ ও জরুরি চিকিৎসাসেবার কর্মীরা। পরে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।
আহত ১২ জনকে সুঙ্গাই গোলক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ আলিফ এজাহান জুলকিফলি নামের এক মালয়েশিয়ান ফুটবলারও রয়েছেন। তিনি স্যামকোল্টসের হয়ে খেলছিলেন।
উইঙ্গার সফওয়ান মাত্র কয়েক দিন আগে থাই লিগ থ্রির দল ইয়ালা এফসিতে যোগ দিয়েছিলেন। গত ২৯ জুলাই নতুন ক্লাবটির সঙ্গে চুক্তি করেন তিনি। এর আগে পাত্তানি এফসির হয়ে ১৮ ম্যাচে সাত গোল করে দলটির দ্বিতীয় বিভাগে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তরুণ।
সফওয়ানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইয়ালা এফসি। তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও।
.png)


