আর্জেন্টিনার অনুশীলন শুরু, মেসি আসবেন শেষ ম্যাচে

বিশ্বকাপ-পরবর্তী প্রথম আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। তবে লিওনেল স্কালোনির দলের প্রস্তুতিতে এখনই দেখা যাবে না লিওনেল মেসিকে। তিন ম্যাচের মধ্যে শুধু শেষটিতে, বেনিনের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচের জন্য দলে যোগ দেবেন আর্জেন্টিনা অধিনায়ক।
মঙ্গলবার এজেইজার লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে প্রথম দিনের অনুশীলন করে আর্জেন্টিনা। সকাল ৯টায় খেলোয়াড়েরা ক্যাম্পে পৌঁছানোর পর প্রায় ২৫ মিনিট জিমে কাজ করেন। এরপর স্কালোনির অধীনে পজিশনাল ও কৌশলগত অনুশীলন চলে। প্রথমে প্রতিপক্ষ ছাড়াই, পরে পুরো দলকে নিয়ে বিভিন্ন অনুশীলন করান বিশ্বকাপজয়ী কোচ।
এবার দেশের মাটিতে টানা তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রথম ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া। এরপর ৩ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা। একই মাঠে ৬ অক্টোবর শেষ ম্যাচ বেনিনের বিপক্ষে।
মেসি প্রথম দুই ম্যাচে থাকবেন না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আগেই জানিয়েছে, তিনি শুধু ৬ অক্টোবরের ম্যাচটির জন্য দলে যোগ দেবেন। একইভাবে রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোও শুধু বেনিন ম্যাচের জন্য স্কালোনির দলে থাকবেন।
বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির আর্জেন্টিনা ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবেই আয়োজন করা হচ্ছে। মনুমেন্তালে সেই ম্যাচ দিয়েই জাতীয় দলকে বিদায় জানানোর কথা ৩৯ বছর বয়সী এই তারকার।