logo
Advertisement

মেসির অবসরকে যেভাবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

এশিয়া পোস্ট স্পোর্টস
মেসির অবসরকে যেভাবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম
মেসির অবসর নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের খবর।

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আর্জেন্টিনার অধিনায়কের ২১ বছরের অধ্যায় শেষ হওয়ার খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ইউরোপ ও লাতিন আমেরিকার প্রায় সব বড় ক্রীড়া সংবাদমাধ্যম। কেউ একে বলেছে ‘বোমা ফাটানো খবর’, কেউ লিখেছে ‘এক বিশাল যুগের সমাপ্তি’। আবার কেউ মেসির বিদায়পত্রের কথাগুলোকেই তুলে এনেছে শিরোনামে।

Advertisement

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার শিরোনাম, ‘বোমা ফাটালেন মেসি, আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর।’

মার্কায় মেসির অবসর নিয়ে সংবাদ।
মার্কায় মেসির অবসর নিয়ে সংবাদ।

আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস মেসির বিদায়পত্রের সবচেয়ে আবেগপূর্ণ অংশটি সামনে এনেছে। তাদের শিরোনাম, ‘নিজেকে নিঃশেষ করে দিয়েছি, দেওয়ার আর কিছু নেই।’

ইতালির লা গাজেত্তা দেল্লো স্পোর্ত মেসির হাতে লেখা চিঠিটিকে গুরুত্ব দিয়ে লিখেছে, ‘বিদায়ের চিঠি মেসির: আর্জেন্টিনার হয়ে আর খেলব না, আমার যা ছিল সব দিয়েছি।’

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের শিরোনামেও জায়গা পেয়েছে মেসির সেই বক্তব্য, ‘দেওয়ার মতো আর কিছু নেই।’

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের মেসিকে নিয়ে সংবাদ।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপের মেসিকে নিয়ে সংবাদ।

পর্তুগালের এ বোলা লিখেছে, ‘এবার সত্যিই পূর্ণচ্ছেদ: দেওয়ার মতো আর কিছু নেই।’

মেসিকে নিয়ে পর্তুগালের এ বোলার খবর।
মেসিকে নিয়ে পর্তুগালের এ বোলার খবর।

২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে হারের পরও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মেসি। পরে সেই সিদ্ধান্ত বদলে ফিরে আসেন তিনি। সেই স্মৃতি সামনে এনে চিলির লা তেরসেরা প্রশ্ন রেখেছে, ‘এবার সত্যিই?’

উরুগুয়ের এল পাইস অবশ্য মেসির আবেগকেই প্রাধান্য দিয়েছে। তাদের শিরোনাম, ‘আত্মায় কষ্ট হচ্ছে, তবে বুঝতে পারছি এটাই সময়।’

ব্রাজিলের ও গ্লোবো সরাসরি লিখেছে, ‘আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির।’

সার্বিয়ার মোৎসার্ট স্পোর্তের উপস্থাপন ছিল আরও আবেগপূর্ণ, ‘পবিত্র জার্সিকে মেসির বিদায়: আমাকে আর্জেন্টাইন করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’

নেদারল্যান্ডসের ফুতবল ইন্টারন্যাশনালের শিরোনাম, ‘আর্জেন্টিনা জাতীয় দল ছাড়লেন মেসি।’

বেলজিয়ামের আরটিবিএফ স্পোর্ত লিখেছে, ‘এক বিশাল অধ্যায়ের সমাপ্তি, আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন লিওনেল মেসি।’

জার্মানির স্পোর্ত বিল্ড খবরটিকে ‘বিস্ফোরক’ হিসেবে উল্লেখ করে লিখেছে, ‘জাতীয় দলের ক্যারিয়ার শেষ করলেন মেসি।’

জার্মানির বিল্ড।
জার্মানির বিল্ড।

ইউক্রেনের স্পোর্ত ডট ইউএ লিখেছে, ‘আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির ক্যারিয়ার শেষ।’

৩৯ বছর বয়সী মেসি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা একটি চিঠি ও আবেগঘন ভিডিও প্রকাশ করে অবসরের ঘোষণা দেন। তিনি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পরই চিঠিটি লিখেছিলেন। দীর্ঘ ভাবনার পর বুঝতে পেরেছেন, জাতীয় দলকে বিদায় জানানোর সময় এসে গেছে।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। তাঁর নেতৃত্বে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

বিশ্বমাধ্যমের শিরোনামের ভাষা আলাদা হলেও মূল সুরটি একই। মেসির বিদায়ের সঙ্গে শেষ হলো আন্তর্জাতিক ফুটবলের একটি অবিস্মরণীয় যুগ।

মেসির অবসরকে যেভাবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম