logo

হালান্ডকে দেখতে পর্যটকবাহী নৌকা, অবাক তারকাও

হালান্ডকে দেখতে পর্যটকবাহী নৌকা, অবাক তারকাও
আর্লিং হালান্ড। ছবি: রয়টার্স

বিশ্বকাপে গোল করে ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র ছিলেন নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড। টুর্নামেন্ট শেষ হওয়ার পর ছুটি কাটাতে গিয়েও সেই আকর্ষণ থেকে মুক্তি মিলছে না তার। ইতালির সিসিলিতে ম্যানচেস্টার সিটি তারকাকে একনজর দেখতেই পর্যটকভর্তি নৌকা ভিড়েছে তার বিলাসবহুল ইয়টের পাশে।

নতুন মৌসুম শুরুর আগে সিসিলির তাওরমিনায় ছুটি কাটাচ্ছেন হালান্ড। সমুদ্রের মাঝে ইয়টে নিরিবিলি সময় কাটানোর কথা থাকলেও হঠাৎই সেখানে হাজির হয় উচ্ছ্বসিত পর্যটকদের বহনকারী একটি নৌকা।

নৌকাটি হালান্ডের ইয়টের পাশে আসতেই তাকে ঘিরে উল্লাস শুরু করেন পর্যটকেরা। অনেকেই মুঠোফোন বের করে ছবি ও ভিডিও ধারণ করেন। তাদের এমন কাণ্ড দেখে বিস্মিত হওয়ার পাশাপাশি বেশ মজাও পেয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হালান্ডকে বলতে শোনা যায়, ‘ওরা পর্যটকদের নৌকায় করে নিয়ে আসছে। হালান্ড কোথায় আছে, সেটি দেখানোর জন্য এখানে ঘুরিয়ে নিয়ে আসছে। এমন কিছু আমি আগে কখনো দেখিনি।’

ঘটনাটির ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়েছে ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। মাঠের তারকা হালান্ড যেন সিসিলিতে পরিণত হয়েছেন স্থানীয় পর্যটন আকর্ষণে।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর হালান্ডের জনপ্রিয়তা আরও বেড়েছে। দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। পাঁচ ম্যাচে সাত গোল করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে শেষ হয় নরওয়ের স্বপ্নযাত্রা। তবে ব্যক্তিগত পারফরম্যান্স ও মাঠের বাইরের বিভিন্ন মুহূর্তের কারণে টুর্নামেন্টজুড়ে আলোচনায় ছিলেন হালান্ড। বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্বকাপ শেষে বান্ধবী ইসাবেল হাউসেং ইয়োহানসেন ও পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাতে যান হালান্ড। কিন্তু তাঁর নতুন জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে সমুদ্রের মাঝে ইয়টে অবস্থান করেও ভক্তদের নজর এড়াতে পারছেন না তিনি।

হালান্ডের ছুটি অবশ্য আর বেশিদিন থাকছে না। ম্যানচেস্টার সিটির অনুশীলনে যোগ দেওয়ার জন্য শিগগিরই ইংল্যান্ডে ফিরবেন তিনি। আগামী ১৬ আগস্ট কমিউনিটি শিল্ডে আর্সেনালের মুখোমুখি হবে সিটি।

পেপ গার্দিওলার জায়গায় এনজো মারেসকা দায়িত্ব নেওয়ার পর এটিই হতে পারে হালান্ডের প্রথম ম্যাচ। তার আগে অবশ্য মাঠে নয়, সিসিলির সমুদ্রে পর্যটন আকর্ষণে পরিণত হয়েই আলোচনায় নরওয়ের গোলমেশিন।