বাংলাদেশের কোচ হচ্ছেন না কোলম্যান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ক্রিস কোলম্যানকে দেখা যাওয়ার সম্ভাবনা শেষ পর্যন্ত আর বাস্তব হচ্ছে না। কয়েক দিন ধরে সাবেক ওয়েলস কোচকে নিয়ে যে আলোচনা চলছিল, সেটি থেমে গেছে চুক্তির শেষ পর্যায়ে এসে। মূল বাধা হয়ে দাঁড়িয়েছে এজেন্ট ফি।
সোমবার (১৮ মে) রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালের কথায় একপ্রকার নিশ্চিত কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না। ফেডারেশন কাপের ভেন্যু জটিলতা নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কোচ চূড়ান্ত করার পর চুক্তির দিকে এগোলেও এজেন্ট ফি নিয়ে দুই পক্ষের অবস্থান মেলেনি।
তাবিথ বলেন, ‘১৫ মের মধ্যেই আমরা কোচ চূড়ান্ত করেছিলাম। যখন চুক্তির দিকে এগিয়ে ছিলাম, তখন এজেন্টের ফি’র বিষয়টি আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজেন্টের ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়। এজেন্টের ফি ছাড়া তারাও চুক্তিতে রাজি নয়। ফলে সেটা সেখানেই থেমে যায় এবং আমরা নতুন করে আরেকজনের সঙ্গে কাজ করছি। সেটা আজকালের মধ্যে আপনারা জানতে পারবেন।’
বাফুফে সভাপতি সরাসরি কোলম্যানের নাম উল্লেখ না করলেও কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রের তথ্য অনুযায়ী, আলোচনাটি এগিয়েছিল তার সঙ্গেই। ওয়েলসকে ২০১৬ ইউরোর সেমিফাইনালে তোলা কোলম্যানকে বাংলাদেশে আনার বিষয়টি নিয়ে বাফুফে বেশ কিছুদিন ধরেই কাজ করছিল। তবে শেষ মুহূর্তে আর্থিক শর্তে সমঝোতা না হওয়ায় সেটি আর চূড়ান্ত হলো না।
কোলম্যান না এলেও বাংলাদেশ জাতীয় দল কোচহীন থাকছে না বলে জানিয়েছেন তাবিথ। তার দাবি, নতুন বিদেশি কোচের অধীনেই বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে খেলবে। আগামী ২৪ মে থেকে জাতীয় দলের ক্যাম্পের দায়িত্ব নেওয়ার কথা সেই কোচের।
তাবিথ বলেন, ‘আপনাদের এটা নিশ্চয়তা দিতে পারি, নতুন বিদেশি কোচের অধীনে বাংলাদেশ সান মারিনোতে খেলবে এবং সেই কোচ ২৪ মে থেকেই শুরু করবে।’
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাফুফের পরিকল্পনা অনুযায়ী, দুই বছরের চুক্তিতে আনা হবে নতুন বিদেশি কোচকে। কোলম্যানকে আনতে যে পরিমাণ খরচের কথা ছিল, নতুন কোচের ক্ষেত্রে ব্যয় কিছুটা কম হবে বলেও জানা গেছে।
দীর্ঘ যাচাই-বাছাই শেষে ১ মে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করেছিল বাফুফে। কোলম্যানের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় এখন আলোচনায় আছেন জার্মান কোচ বার্নড স্টর্ক ও ফিলিপাইনের সাবেক কোচ টমাস ডুলি। শেষ পর্যন্ত বাফুফে কার হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেয়, সেটি জানা যেতে পারে খুব দ্রুতই।
