চড়া দামেও শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট

লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সিতে শেষবার ঘরের মাঠে দেখতে উন্মাদনা কতটা, তার প্রমাণ মিলল টিকিট বিক্রিতে। বেনিনের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়কের বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে দুই ঘণ্টারও কম সময়ে।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ডিপোর্টিকের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর পরপরই বিপুলসংখ্যক সমর্থক একসঙ্গে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেন। অনেকের স্ক্রিনে অপেক্ষার সময় দেখানো হচ্ছিল এক ঘণ্টার বেশি। রাত ৮টার আগেই ম্যাচটির পাশে ‘টিকিট শেষ’ বার্তা দেখা যায়।
ম্যাচটির টিকিটের দামও ছিল বেশ চড়া। সবচেয়ে সস্তা সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ছিল ৯০ হাজার আর্জেন্টাইন পেসো। ৩ থেকে ১০ বছর বয়সীদের জন্য একই গ্যালারির টিকিট ছিল ২৯ হাজার পেসো।
আসনভেদে গ্যালারির টিকিটের দাম ছিল ১ লাখ ৮০ হাজার থেকে শুরু করে ৪ লাখ ৮০ হাজার আর্জেন্টাইন পেসো পর্যন্ত। সর্বোচ্চ দামের টিকিট ছিল সান মার্তিন ও বেলগ্রানো মধ্য গ্যালারির।
উচ্চমূল্যের টিকিটও অবশ্য মেসিকে শেষবার দেখতে সমর্থকদের আগ্রহে বাধা হতে পারেনি। বিক্রির সময় দীর্ঘ ভার্চুয়াল সারি তৈরি হয় এবং টিকিট না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও জানান অনেক সমর্থক।
৬ অক্টোবরের ম্যাচটি হবে আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। তার আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া ও ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।
