logo

মেসিদের বিপক্ষে মাঠে নামার পথে পাকিস্তান, চলছে আলোচনা

মেসিদের বিপক্ষে মাঠে নামার পথে পাকিস্তান, চলছে আলোচনা

আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করতে বড় পদক্ষেপের দিকে এগোচ্ছে পাকিস্তান। আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

সূত্র জানায়, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)-মধ্যে ভার্চুয়াল বৈঠকে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে। শুধু ম্যাচ নয়, কোচিং উন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম এবং আর্জেন্টিনার কোচদের পাকিস্তানে এনে কাজ করার মতো বিষয়ও আলোচনায় এসেছে।

প্রস্তাবিত এই প্রীতি ম্যাচটি বাস্তবায়ন হলে তা ফিফা বিশ্বকাপের পর আয়োজন করা হতে পারে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি; দুই পক্ষই লজিস্টিক ও কারিগরি দিকগুলো আরও পর্যালোচনা করছে।

পিএফএফ সভাপতি মহসিন গিলানির নেতৃত্বে পাকিস্তান সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে। উচ্চমানের দলের বিপক্ষে ম্যাচ খেলা তাদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে আর্জেন্টিনায় পাকিস্তান দূতাবাস জানিয়েছে, ‘এএফএ পাকিস্তান’ উদ্যোগের পর দুই ফেডারেশনের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক আয়োজনেও তারা সহায়তা করেছে। দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে পাকিস্তানের ফুটবল কাঠামো উন্নয়নের ব্যাপারেও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে পাকিস্তানের রাষ্ট্রদূত হাসান আফজাল খান, পিএফএফ সভাপতি মহসিন গিলানি এবং এএফএর মার্কেটিং পরিচালক ফ্রান্সিসকো লেম্মি উপস্থিত ছিলেন। তারা পাকিস্তানের ফুটবল উন্নয়নে বাস্তবভিত্তিক সহযোগিতা গড়ে তোলার বিষয়েও আলোচনা করেন।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব দিক বিবেচনা করে আনুষ্ঠানিক ঘোষণা আসতে কিছুটা সময় লাগতে পারে। 

তথ্যসূত্র: জিওসুপার