মালদ্বীপকে বিধ্বস্ত করে সাফের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত প্রথম নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়নের মুকুট উঠেছে বাংলাদেশের মাথায়। ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।
লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সাতটি দেশ অংশ নেয়। ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১৬ পয়েন্ট—যা টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে দেয়। দ্বিতীয় স্থানে থাকা ভুটান পাঁচ ম্যাচে পেয়েছে ১১ পয়েন্ট।
ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে ‘ড্র করলেই শিরোপা’ সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে সাবিনারা। তবে অপ্রত্যাশিতভাবে তৃতীয় মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। গোলকিপার স্বপ্না আক্তার ও মাসুরা পারভীনের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে প্রথম গোলটি করে তারা।
কিন্তু খুব দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান অধিনায়ক সাবিনা খাতুন। এক মিনিট পর পেনাল্টি পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
১৩ মিনিটে আবারও ফ্রি-কিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন সাবিনা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে যায়। প্রথমার্ধে আরও চারটি গোল যোগ করে ৬-১ ব্যবধানে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। সাবিনার পাশাপাশি লিপি আক্তারও প্রথমার্ধে জোড়া গোল করেন।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ভয়ংকর রূপ নেয়। ম্যাচের ২২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা খাতুন। পরের মিনিটেই মাতসুশিমা সুমাইয়া করেন দলের অষ্টম গোল। ২৬ মিনিটে সাবিনা নিজের নামের পাশে আরেকটি গোল যোগ করে ব্যবধান আরও বাড়ান।
এরপর নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তার করেন ১০ ও ১১ নম্বর গোল। ৩১ মিনিটে কৃষ্ণা রানী করেন ১২তম গোল। ম্যাচের শেষ দিকে মেহেরুন আক্তার ও মাসুরা পারভীনের গোল দুটি বাংলাদেশের স্কোরলাইন পৌঁছে দেয় ১৪-২-এ।
২০১৮ সালে আন্তর্জাতিক পর্যায়ে নারী ফুটসালে বাংলাদেশের পথচলা শুরু হলেও এরপর দীর্ঘ সময় কার্যক্রম স্থবির ছিল। গত বছরের শেষ দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন করে দল গঠন করে। প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দেশ ও দেশের বাইরে অনুশীলনের মধ্য দিয়েই গড়ে ওঠে এই দল।
আর সেই প্রস্তুতির ফল মিলল অভিষেক আসরেই—শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটসাল দল।