স্কালোনিকে ধরে রাখতে নতুন চুক্তির প্রস্তাব আর্জেন্টিনার

লিওনেল মেসির বিদায়ের পর নতুন যুগের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। সেই পালাবদলের সময়েও ডাগআউটে লিওনেল স্কালোনিকেই রাখতে চায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্বকাপজয়ী কোচকে নতুন প্রস্তাব দিয়েছে এএফএ। এখন অপেক্ষা স্কালোনির সিদ্ধান্তের।
স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তি শেষ হবে আগামী ডিসেম্বরে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিলেন ৪৮ বছর বয়সী এই কোচ।
তখন স্কালোনি বলেছিলেন, ‘আমি আমার চুক্তির মেয়াদ শেষ করব, তারপর দেখব। সত্যি বলতে, আমার মনে হচ্ছে আমাকে ভাবতে হবে। কারণ জানি না, এর মতো বড় কিছু আবার করা সম্ভব হবে কি না।’
ফাইনাল হারের হতাশার মুহূর্তে দেওয়া সেই বক্তব্য থেকেই শুরু হয় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা। তবে প্রায় দুই মাস পরও এএফএর ভেতরে স্কালোনিকে ধরে রাখার ব্যাপারে আশাবাদ রয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে এএফএ। তার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং এখন বিশ্বকাপজয়ী এই কোচের জবাবের অপেক্ষায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়া ও ফেডারেশনের কর্মকর্তারা।
এর আগে এএফএর নির্বাহী কমিটিও স্কালোনির মেয়াদ বাড়ানোর ব্যাপারে তাপিয়াকে পূর্ণ সমর্থন দিয়েছে। আর্জেন্টাইন দৈনিক ওলের তথ্য অনুযায়ী, স্কালোনিকে ভবিষ্যতের প্রকল্পের নেতৃত্বে রাখার ব্যাপারে ফেডারেশনের ভেতরে ঐকমত্য রয়েছে।
তবে স্কালোনিকে রাজি করানো সহজ হবে না। মেসির জাতীয় দল থেকে বিদায়ের পর আর্জেন্টিনাকে কার্যত নতুন করে সাজাতে হবে। তার দীর্ঘদিনের সহকারী ওয়াল্টার স্যামুয়েলও ডিসেম্বরে চুক্তি শেষ হলে সরে দাঁড়াবেন এবং নিজে প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান।
তবু নতুন প্রজন্ম নিয়ে আশাবাদী এএফএ। ক্রিস্তিয়ান রোমেরোকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত হয়েছে। তার সঙ্গে এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজদের ঘিরেই তৈরি হবে মেসি-পরবর্তী আর্জেন্টিনা।
আর সেই নতুন অধ্যায়ের নেতৃত্বও স্কালোনির হাতেই দেখতে চায় আর্জেন্টিনা। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতেছে আলবিসেলেস্তেরা। তাই নতুন চুক্তির আর্থিক দিকের চেয়ে স্কালোনি নিজে নতুন চ্যালেঞ্জ নেওয়ার মতো মানসিক শক্তি ও আগ্রহ অনুভব করছেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
এএফএর আশা, উত্তরটা শেষ পর্যন্ত তাদের পক্ষেই আসবে এবং ২০২৭ সালেও আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে স্কালোনিকে।


