বিশ্বকাপের চোটে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে সালিবা

নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল আর্সেনাল। পিঠের চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে দলটির ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবাকে। তবে স্বস্তির খবর, তার অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না।
বুধবার এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, বিশ্বকাপ শেষে লন্ডনে ফেরার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন সালিবা। বিস্তারিত পরীক্ষায় তার পিঠের চোট নিশ্চিত হয়েছে। এখন নিয়ন্ত্রিত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ২৫ বছর বয়সী এই সেন্টারব্যাককে।
আর্সেনাল অবশ্য সালিবার মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি। ক্লাব শুধু বলেছে, দীর্ঘ সময়ের জন্য খেলার বাইরে থাকবেন তিনি। ইংলিশ সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে চার থেকে পাঁচ মাস পর্যন্ত মাঠের বাইরে থাকার আশঙ্কার কথা বলা হলেও আর্সেনাল আনুষ্ঠানিকভাবে সেই সময়সীমা নিশ্চিত করেনি।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের বেশির ভাগ সময়ই পিঠের সমস্যায় ভুগেছিলেন সালিবা। চোটের কারণে তার অনুশীলন সীমিত রাখা হয়েছিল। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে মাত্র ৩০ মিনিট খেলার পর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সেই ম্যাচে ২-০ গোলে হেরে যায় ফ্রান্স। পরে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও খেলতে পারেননি সালিবা।
বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ছয় ম্যাচে শুরুর একাদশে ছিলেন সালিবা। এর মধ্যে চার ম্যাচে কোনো গোল খায়নি ফরাসিরা। দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ডিফেন্ডারের অনুপস্থিতি তাই আর্সেনালের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিস্তারিত পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে উইলিয়ামকে এখন নিয়ন্ত্রিত পুনর্বাসন কর্মসূচি শুরু করতে হবে। তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে তুলতে সবাই পূর্ণ সহযোগিতা করছে।’
আগামী ১৬ আগস্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ড দিয়ে নতুন মৌসুম শুরু করবে আর্সেনাল। এরপর ২১ আগস্ট নবাগত কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে তারা। দুই ম্যাচেই সালিবার না থাকা প্রায় নিশ্চিত।
গত মৌসুমে আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সালিবা। নতুন মৌসুমের শুরুতে তাঁর দীর্ঘ অনুপস্থিতিতে রক্ষণভাগের বিকল্প নিয়ে এখন নতুন করে পরিকল্পনা করতে হবে কোচ মিকেল আরতেতাকে।
.png)






