logo

সংখ্যা মেলাতে গোলকিপারের তালিকায় আয়ারল্যান্ডের ডিফেন্ডারের নাম

সংখ্যা মেলাতে গোলকিপারের তালিকায় আয়ারল্যান্ডের ডিফেন্ডারের নাম
গোলকিপার হিসেবে নিবন্ধন করানো হয়েছে ডিফেন্ডার ডানকে। ছবি: আইরিশ সান

ইসরায়েলের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছে আয়ারল্যান্ড। দলটি ডিফেন্ডার জিমি ডানকে রিজার্ভ গোলকিপার হিসেবে নিবন্ধন করেছে। গ্যাভিন বাজুনু ম্যাচ বর্জন করায় উয়েফার নিয়ম পূরণে এই ব্যবস্থা নিয়েছে দলটি।

নেশন্স লিগের ম্যাচের জন্য তিনজন গোলকিপার নিবন্ধন করতে হয়। বাজুনু সরে দাঁড়ানোয় আয়ারল্যান্ডের দলে ছিলেন কেলেহার ও ম্যাক্স ও’লিয়ারি। তৃতীয় গোলকিপার হিসেবে তাদের সঙ্গে যুক্ত করা হয়েছে ডানকে।

ইংলিশ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সে খেলা এই ডিফেন্ডারের নাম উয়েফার স্কোয়াড তালিকায় রয়েছে ২৩ নম্বর জার্সিতে। তাকে রাখা হয়েছে দলের দুই নিয়মিত গোলকিপারের বিকল্প হিসেবে।

গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে শনিবার দল থেকে সরে দাঁড়ান বাজুনু। ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি লেখেন, ‘আমার সিদ্ধান্ত পুরোপুরি এই ব্যক্তিগত বিশ্বাসের ওপর ভিত্তি করে যে, নিরীহ মানুষকে হত্যা করা অন্যায়।’

নিজের অবস্থান ইসরায়েলি জনগণ কিংবা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে নয় বলেও স্পষ্ট করেন আইরিশ গোলকিপার। ওই অঞ্চলে চলা নৃশংসতার বিরুদ্ধেই তার এই প্রতিবাদ।

বাজুনুর সিদ্ধান্তের পর দীর্ঘ আলোচনায় বসেন আয়ারল্যান্ডের ফুটবলাররা। শেষ পর্যন্ত অধিকাংশ খেলোয়াড় ম্যাচটি খেলার পক্ষে ভোট দেন। আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডেভিড কুরেল জানিয়েছেন, খেলোয়াড়েরা কালো বাহুবন্ধনী পরে খেলবেন এবং ম্যাচ ফি দাতব্য কাজে দান করবেন।