পয়েন্ট কাটা থেকে বাঁচল চেলসি, জরিমানা প্রায় ১৬৬ কোটি টাকা

আর্থিক বিধিভঙ্গের দায়ে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে ইংলিশ জায়ান্ট চেলসিকে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন লন্ডনের ক্লাবটিকে ১ কোটি পাউন্ড জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬৬ কোটি টাকা। তবে আপিল করে ছয় পয়েন্ট কাটার শাস্তি থেকে রক্ষা পেয়েছে লন্ডনের ক্লাবটি।
চেলসির বিরুদ্ধে ইংলিশ এফএর বিধি ই১.২ মোট ৭৪ বার ভাঙার অভিযোগ ছিল। শুনানির আগেই অভিযোগগুলো স্বীকার করে নেয় ক্লাবটি।
২০২২ সালের মে মাসে টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের নেতৃত্বাধীন মালিকপক্ষ চেলসির দায়িত্ব নেওয়ার পর সম্ভাব্য বিধিভঙ্গের তথ্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে জানায়। এরপর শুরু হওয়া তদন্তে তৃতীয় পক্ষের বিনিয়োগ এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করাসহ একাধিক ক্ষেত্রে নিয়ম ভাঙার প্রমাণ পাওয়া যায়।
মামলাটি পর্যালোচনার পর চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানার পাশাপাশি ছয় পয়েন্ট কাটার স্থগিত শাস্তি দিয়েছিল একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন। আগামী ৩০ জুন পর্যন্ত ক্লাবটি আবার একই ধরনের বিধি ভাঙলে পয়েন্ট কাটার শাস্তি কার্যকর হওয়ার ঝুঁকি ছিল।
তবে সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করে চেলসি। পরবর্তী শুনানিতে ক্লাবটির আবেদন মঞ্জুর করে স্বাধীন আপিল বোর্ড। ফলে ছয় পয়েন্ট কাটার স্থগিত শাস্তি পুরোপুরি বাতিল করা হয়েছে।
পয়েন্ট কাটার শাস্তি থেকে রক্ষা পেলেও ১ কোটি পাউন্ড জরিমানার বিরুদ্ধে আপিল করেনি চেলসি। ইংলিশ এফএ জানিয়েছে, জরিমানার পুরো অর্থ ইংল্যান্ডের তৃণমূল ফুটবলের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।
চেলসির ওপর এছাড়াও দুই মৌসুম নতুন খেলোয়াড় নিবন্ধনের একটি স্থগিত নিষেধাজ্ঞাও রয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত নতুন করে বিধিভঙ্গ না করলে সেই শাস্তি কার্যকর হবে না।
এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, ২০২২ সালে বর্তমান মালিকপক্ষ দায়িত্ব নেওয়ার পর তারাই সম্ভাব্য পুরোনো বিধিভঙ্গের বিষয়টি স্বেচ্ছায় নিয়ন্ত্রক সংস্থাগুলোকে জানায়। তদন্তে সহযোগিতার অংশ হিসেবে কয়েক হাজার নথিও জমা দিয়েছে ক্লাবটি।
ঐতিহাসিক আর্থিক অনিয়মের ঘটনায় সাম্প্রতিক সময়ে একাধিক শাস্তির মুখে পড়েছে চেলসি। গত মার্চেও প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভাঙার দায়ে ক্লাবটিকে ১ কোটি ৭৫ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছিল। একই ঘটনায় মূল দলের জন্য এক বছরের স্থগিত দলবদল নিষেধাজ্ঞা এবং একাডেমির খেলোয়াড় নিবন্ধনে নয় মাসের তাৎক্ষণিক নিষেধাজ্ঞাও দেওয়া হয়।
.png)





-3184af.webp)