রদ্রির দলবদলে নাটকীয় মোড়, রিয়ালের চেয়ে এগিয়ে বার্সা
-05ffe9.webp)
ম্যানচেস্টার সিটি থেকে রদ্রিকে দলে নেওয়ার দৌড়ে এত দিন এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে তাদের আলোচনা থমকে যাওয়ায় এবার সুযোগ নিতে মাঠে নেমেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রদ্রিকে দলে নেওয়ার বিষয়ে এখন বার্সেলোনার চেয়ে মাদ্রিদ এগিয়ে আছে। কয়েক সপ্তাহ ধরে খেলোয়াড় ও তার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়েও এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি রিয়াল। সেই অচলাবস্থাই কাজে লাগাতে চায় কাতালান ক্লাবটি।
বার্সেলোনার আগ্রহের পেছনে বড় কারণ ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের চোট। হাঁটুর চোটে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ডাচ মিডফিল্ডারকে। ফলে মাঝমাঠে অভিজ্ঞ ও পরীক্ষিত একজন খেলোয়াড় প্রয়োজন হানসি ফ্লিকের দলের।
ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রির চুক্তির মেয়াদ বাকি আর মাত্র এক বছর। নতুন চুক্তির আশা এখনো ছাড়েনি ইংলিশ ক্লাবটি। তবে রদ্রি যেতে চাইলে প্রায় ৬ কোটি পাউন্ডের প্রস্তাবে তাকে ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করতে পারে সিটি।
রদ্রিকে নেওয়ার ক্ষেত্রে আর্থিক হিসাবও মেলাতে হবে রিয়ালকে। আরবি লাইপজিগের ইয়ান দিওমান্দের জন্য ক্লাব রেকর্ড ১১ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করতে যাচ্ছে তারা। একই সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বড় অঙ্কের নতুন চুক্তি নিয়েও আলোচনা চলছে।
তাই রদ্রিকে নিতে হলে অরেলিয়াঁ চুয়ামেনি কিংবা এদুয়ার্দো কামাভিঙ্গার একজনকে বিক্রি করতে পারে রিয়াল। দুই ফরাসি মিডফিল্ডারের প্রতিই আগ্রহ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের।
স্পেনকে ২০২৬ বিশ্বকাপ জেতানোর পথে অধিনায়কত্ব করা রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বলও জিতেছেন। তবে পিঠে অস্ত্রোপচারের কারণে ম্যানচেস্টার সিটির প্রাক-মৌসুম প্রস্তুতির বড় অংশে থাকতে পারছেন না ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার।
কোনো ক্লাবই এখনো রদ্রির সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারেনি। তবে বার্সেলোনার প্রবেশে এত দিনের রিয়ালমুখী দলবদলটি এখন পরিণত হয়েছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নতুন লড়াইয়ে।
.png)


