নতুন চুক্তি না পেয়ে মন খারাপ আর্জেন্টাইন তারকার

একই মধ্যমাঠের দুই সঙ্গী দমিনিক সবোসলাই ও রায়ান গ্রাভেনবার্খ পেয়েছেন নতুন চুক্তি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছে আসেনি সেই প্রস্তাব। সতীর্থদের জন্য খুশি হলেও নিজের বেলায় তাই আক্ষেপ আর্জেন্টাইন মিডফিল্ডারের। লিভারপুলের হয়ে সবটুকু দেওয়ার পরও নতুন চুক্তি না পাওয়ায় কষ্ট পেয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নিজের হতাশার কথা জানান ম্যাক অ্যালিস্টার। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। তবে নতুন চুক্তি নিয়ে এখনই কোনো নিশ্চয়তা পাননি ২৭ বছর বয়সী এই ফুটবলার।
বিষয়টি নিয়ে ক্লাব তার সঙ্গে সরাসরি কথা বলেনি বলেও জানিয়েছেন ম্যাক অ্যালিস্টার। আলোচনা হয়েছে তাঁর প্রতিনিধির সঙ্গে। সেখান থেকেই জেনেছেন, এই মুহূর্তে তাঁকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার অবস্থায় নেই লিভারপুল। কেন এমন সিদ্ধান্ত, তার সরাসরি ব্যাখ্যাও পাননি তিনি।
এই আক্ষেপের মধ্যেও সমর্থকদের আশ্বস্ত করেছেন আর্জেন্টাইন তারকা। বলেছেন, ‘সমর্থকদের দুশ্চিন্তা করতে হবে না। এখানে শেষ দিন পর্যন্ত আমি নিজের সবটুকু দেব।’
তার বক্তব্য, ভালো কিংবা খারাপ ম্যাচ থাকতে পারে, কিন্তু অনুশীলন ও খেলায় চেষ্টার ঘাটতি রাখেন না। সামনেও সেই অঙ্গীকার থাকবে।
এবারের গ্রীষ্মের দলবদলে লিভারপুল ছাড়ার সুযোগ ছিল বলেও জানিয়েছেন ম্যাক অ্যালিস্টার। তবু থেকে গেছেন অ্যানফিল্ডে। ক্লাবটির প্রতি ভালোবাসার পাশাপাশি নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে বিশেষ কিছু অর্জনের সম্ভাবনা দেখছেন তিনি।
প্রাক্মৌসুমের অনুশীলন থেকেই নতুন কোচের কাজ মনে ধরেছে তার। ম্যাক অ্যালিস্টারের বিশ্বাস, শিরোপা জেতার মতো ফুটবলার ও মানসিকতা এই দলে আছে। সে জন্য সবাইকে একই লক্ষ্যে কাজ করতে হবে। নিজের পারফরম্যান্স দিয়ে ক্লাবকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় উৎসাহিত করার সুযোগও দেখছেন তিনি।
২০২৩ সালের জুনে ব্রাইটন থেকে লিভারপুলে যোগ দেন ম্যাক অ্যালিস্টার। তাকে কিনতে প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করেছিল ক্লাবটি। এই সময়ে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জিতেছেন তিনি। সেই সাফল্য এবং কঠিন সময় একসঙ্গে পেরিয়ে আসার অভিজ্ঞতাও তুলে ধরেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
কোচ ইরাওলারও আশা, সমস্যার সমাধান হবে। খেলোয়াড়দের বেতনের হিসাবের চেয়ে তাদের উন্নতিতে সাহায্য করাই তার কাজ বলে জানিয়েছেন তিনি। তার বিশ্বাস, অভিজ্ঞ ম্যাক অ্যালিস্টারের আরও উন্নতি করার সুযোগ রয়েছে।


