logo
Advertisement

মরিনহোর ফেরার রাতে বার্নাব্যুতে এমবাপ্পে ঝড়

এশিয়া পোস্ট স্পোর্টস
মরিনহোর ফেরার রাতে বার্নাব্যুতে এমবাপ্পে ঝড়
ম্যাচে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। ছবি: রয়টার্স

বার্নাব্যুতে হোসে মরিনহোর প্রত্যাবর্তনের রাতটা নিজের করে নিলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার হ্যাটট্রিক এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোল ও এক অ্যাসিস্টে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

Advertisement

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত লা লিগার স্থগিত হওয়া প্রথম রাউন্ডের ম্যাচে রিয়ালের অন্য গোলটি করেন ভিনিসিয়ুস। সফরকারীদের হয়ে ব্যবধান কমিয়েছিলেন লুকা সুচিচ।

এটি ছিল দীর্ঘ ১৩ বছর পর রিয়ালের কোচ হিসেবে বার্নাব্যুর ডাগআউটে মরিনহোর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। এস্পানিওলের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় দিয়ে মৌসুম শুরু করা পর্তুগিজ কোচ ঘরের মাঠে ফিরলেন বড় জয় নিয়ে।

ম্যাচের শুরুটা অবশ্য রিয়ালের জন্য সহজ ছিল না। সপ্তম মিনিটে এমবাপ্পের প্রচেষ্টা ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। চার মিনিট পর মিকেল ওইয়ারসাবালের শট দারুণভাবে রুখে দিয়ে স্বাগতিকদের রক্ষা করেন থিবো কোর্তোয়া।

দুই দলের সমান লড়াইয়ের মধ্যে ৪০তম মিনিটে অচলাবস্থা ভাঙেন এমবাপ্পে। ফেদেরিকো ভালভার্দের পাস থেকে বল পেয়ে জন মার্তিনকে কাটিয়ে রেমিরোর নাগালের বাইরে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

রিয়ালের সেই আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পর দ্রুত পাল্টা আক্রমণ থেকে গোল করে সোসিয়েদাদকে সমতায় ফেরান সুচিচ। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় রিয়াল। ৫৯তম মিনিটে জুড বেলিংহামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় সোসিয়েদাদের রক্ষণ ভেঙে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।

নয় মিনিট পর ব্যবধান ৩-১ করেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষের বক্সে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলমুখে পাস বাড়ান বেলিংহাম। কাছ থেকে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা।

সোসিয়েদাদের ফেরার শেষ আশাটুকুও শেষ করে দেন এমবাপ্পে। ৮০তম মিনিটে ভিনিসিয়ুসের বাড়ানো বল ধরে এগিয়ে আসা রেমিরোর মাথার ওপর দিয়ে দৃষ্টিনন্দন চিপে গোল করেন তিনি। পূর্ণ করেন মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনহোর দল। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে সাময়িকভাবে লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। দুই ম্যাচেই হারা রিয়াল সোসিয়েদাদ রয়েছে তালিকার তলানিতে।

মরিনহোর ফেরার রাতে বার্নাব্যুতে এমবাপ্পে ঝড়