logo

এক মাস পর মাঠে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো 

এক মাস পর মাঠে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো 

এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরে যেন নিজের উপস্থিতির জানান দিলেন ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইনজুরি থেকে ফেরা ম্যাচেই জোড়া গোল করে আল নাসরের ৫-২ ব্যবধানে জয়ে বড় ভূমিকা রাখলেন এই পর্তুগিজ তারকা।

আল নাজমার বিপক্ষে শুরু থেকেই একাদশে ছিলেন রোনালদো। প্রথমার্ধে গোল না পেলেও আক্রমণে ছিলেন সক্রিয়। ম্যাচের শুরুতে আল নাসর কিছুটা ছন্দ খুঁজে পেতে সময় নেয়, তবে ধীরে ধীরে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকে তারা।

প্রথমার্ধের শেষদিকে নাটকীয়তা দেখা যায়। সবাই যখন বিরতির অপেক্ষায়, তখন আচমকা এগিয়ে যায় আল নাজমা। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় আল নাসর। আল হামদানের গোলে সমতা ফেরার পর সাদিও মানের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার সমতায় ফেরে আল নাজমা। কিছুটা চাপে পড়ে যায় আল নাসর। ঠিক তখনই সামনে আসেন রোনালদো।

ফ্রি-কিক থেকে তৈরি হওয়া পরিস্থিতিতে পেনাল্টি পায় আল নাসর। স্পটকিকে কোনো ভুল করেননি রোনালদো। জোরালো শটে দলকে আবার এগিয়ে নেন তিনি।

এরপর ম্যাচের বাকি সময়টা যেন তারই নিয়ন্ত্রণে। শেষ দিকে বুশালের পাস থেকে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল হলেও পরে সেটি বৈধ ঘোষণা করা হয়।

শেষদিকে মানে আরেকটি গোল যোগ করলে বড় জয় নিশ্চিত হয় আল নাসরের। এই জয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল দলটি।

চোট থেকে ফিরে রোনালদোর এমন পারফরম্যান্স শুধু দলের জন্যই নয়, ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ। লিগে তার গোলসংখ্যা দাঁড়াল ২৩-এ, আর সব মিলিয়ে ক্যারিয়ারে ৯৬৮ গোলের মাইলফলক ছুঁলেন তিনি।

সময়ের আগেই যেন নিজের ‘পুনর্জন্ম’ ঘোষণা করলেন রোনালদো। মাঠে তার উপস্থিতিই আবার মনে করিয়ে দিল, বড় মঞ্চে এখনও তিনিই ভরসা। 

সূত্র: মার্কা.কম