logo
Advertisement

বিশ্বকাপের প্রতিশোধ নিতে আবার ব্রাজিলের মুখোমুখি জাপান

বিশ্বকাপের প্রতিশোধ নিতে আবার ব্রাজিলের মুখোমুখি জাপান
জাপান-ব্রাজিল ম্যাচের দৃশ্য। ছবি: জেএফএ

বিশ্বকাপের শেষ বত্রিশে ব্রাজিলের কাছে শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয়েছিল জাপানের। সেই হারের সাড়ে চার মাসের মধ্যেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আবার দাঁড়ানোর সুযোগ পাচ্ছে এশিয়ার দলটি।

Advertisement

আগামী নভেম্বরে সিঙ্গাপুরে আয়োজিত চার জাতির ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। বৃহস্পতিবার জাপান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ১৪ নভেম্বর সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আলোচিত ম্যাচটি।

‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ: দ্য কালাং ফুটবল সিরিজ সিঙ্গাপুর’ নামের প্রতিযোগিতায় ব্রাজিল ও জাপানের সঙ্গে অংশ নেবে স্বাগতিক সিঙ্গাপুর এবং প্যারাগুয়ে। আয়োজনটি চলবে ১৩ থেকে ১৭ নভেম্বর।

প্রথম দিন মুখোমুখি হবে সিঙ্গাপুর ও প্যারাগুয়ে। পরদিন ব্রাজিলের বিপক্ষে খেলবে জাপান। ১৭ নভেম্বর শেষ দিনে জাপানের প্রতিপক্ষ প্যারাগুয়ে, আর ব্রাজিল খেলবে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে। প্রতিটি ম্যাচ হবে ৯০ মিনিটের। ড্র হলে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকার থাকবে না। প্রতিযোগিতা শেষে কোনো চ্যাম্পিয়নও ঘোষণা করা হবে না।

গত ২৯ জুন হিউস্টনে বিশ্বকাপের শেষ বত্রিশে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও জাপান। ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে গিয়েছিল জাপান। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে কাসেমিরো ব্রাজিলকে সমতায় ফেরান। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২–১ ব্যবধানের জয় পায় ব্রাজিল।

ব্রাজিলের বিপক্ষে জাপানের অতীত রেকর্ডও খুব একটা সুখকর নয়। দুই দলের ১৫ সাক্ষাতে জাপান জিতেছে মাত্র একবার। ব্রাজিলের জয় ১২টি, বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

জাপানের কোচ হাজিমে মরিয়াসু এই প্রতিযোগিতাকে আগামী জানুয়ারির এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘নভেম্বরে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। নিজেদের আরও এগিয়ে নিতে এই সুযোগ কাজে লাগাতে চাই।’

বিশ্বকাপের প্রতিশোধ নিতে আবার ব্রাজিলের মুখোমুখি জাপান - Asia Post