logo

ফুটবলারদের অধিকার রক্ষায় নতুন জোটের আত্মপ্রকাশ, ফিফপ্রোর সঙ্গে দ্বন্দ্ব তীব্র

ফুটবলারদের অধিকার রক্ষায় নতুন জোটের আত্মপ্রকাশ, ফিফপ্রোর সঙ্গে দ্বন্দ্ব তীব্র

বিশ্ব ফুটবলে খেলোয়াড়দের প্রতিনিধিত্ব নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মাঝেই নতুন একটি বৈশ্বিক সংগঠনের আত্মপ্রকাশ হলো স্পেনের রাজধানী মাদ্রিদে। বিভিন্ন দেশের চারটি খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিরা মিলে এই উদ্যোগ নিয়েছেন, যার লক্ষ্য ফুটবলারদের অধিকার আরও শক্তিশালী করা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সরাসরি সংলাপ বাড়ানো।

নতুন এই সংগঠন, ইন্টারন্যাশনাল ফুটবলার অ্যাসোসিয়েশন, এর নেতৃত্বে আছেন স্পেনের ফুটবলারদের সংগঠনের সভাপতি ডেভিড আগানসো। তিনি আগে বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর সঙ্গেও যুক্ত ছিলেন।

এই উদ্যোগে ব্রাজিল, মেক্সিকো ও সুইজারল্যান্ডের খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিরাও অংশ নিয়েছে। তবে নতুন সংগঠন ঘোষণার পরপরই সমালোচনা আসে ফিফপ্রোর পক্ষ থেকে। তাদের অভিযোগ, আগানসো ব্যক্তিস্বার্থে কাজ করছেন এবং এমন কিছু সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন, যাদের বিরুদ্ধে আগে অনিয়মের অভিযোগ উঠেছিল।

যদিও এসব অভিযোগ নাকচ করে আগানসো জানিয়েছেন, তিনি সংঘাত চান না। বরং খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় নতুন একটি কাঠামো গড়ে তুলতেই এই উদ্যোগ। তার ভাষায়, তারা ৩০ হাজারের বেশি ফুটবলারের প্রতিনিধিত্ব করছেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই তাদের লক্ষ্য।

নতুন সংগঠন গঠনের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে আন্তর্জাতিক ম্যাচ সূচি নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ। ২০২৪ সালে ফিফার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে অভিযোগ করে ফিফপ্রো, যেখানে বলা হয় খেলোয়াড়দের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই নতুন প্রতিযোগিতা যোগ করা হচ্ছে। এরপর থেকেই দুই পক্ষের সম্পর্ক অবনতির দিকে যায়।

তবে নতুন সংগঠন ফিফার প্রত্যক্ষ সমর্থনে গড়ে উঠেছে এমন অভিযোগ অস্বীকার করেছেন আগানসো। তার মতে, ফিফার সঙ্গে সরাসরি সংলাপ রাখা জরুরি, তবে সেটি স্বাধীন অবস্থান থেকেই হওয়া উচিত।

এদিকে স্পেনের ফুটবলারদের সংগঠনের সাধারণ সভায় প্রায় সর্বসম্মত ভোটে এই নতুন উদ্যোগ অনুমোদন পায়। একই সঙ্গে ফিফপ্রো থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তও নেয় তারা, যেখানে স্বচ্ছতা ও আন্তর্জাতিক সংলাপের অভাবের অভিযোগ আনা হয়।

বিশ্বকাপ নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গেও সতর্ক অবস্থান নিয়েছেন আগানসো। তিনি বলেন, বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতা অর্জন করতে হয় মাঠে, বাইরের প্রভাব দিয়ে নয়।

সূত্র: রয়টার্স