হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়া ঠেকাতে মেনে চলুন এসব নিয়ম

হোয়াটসঅ্যাপ এখন শুধু বার্তা পাঠানোর অ্যাপ নয়। ব্যক্তিগত কথাবার্তার পাশাপাশি ছবি, ভিডিও, নথি, যোগাযোগের তথ্যসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় এতে আদান-প্রদান করা হয়। তাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তার দিকে নজর রাখা জরুরি।
কিছু সহজ সতর্কতা মেনে চললেই অ্যাকাউন্টের নিরাপত্তা অনেকটাই বাড়ানো যায়। হোয়াটসঅ্যাপের নিজস্ব নিরাপত্তা নির্দেশনাতেও ব্যবহারকারীদের কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
চলুন জেনে নিই কী কী সতর্কতা মেনে চললে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখা সম্ভব।
দুই ধাপ যাচাইকরণ চালু রাখুন
অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপের দুই ধাপ যাচাইকরণ বা Two-step verification চালু করা গুরুত্বপূর্ণ। এই সুবিধা চালু করলে হোয়াটসঅ্যাপ নম্বর যাচাইয়ের সময় ছয় সংখ্যার একটি পিন প্রয়োজন হবে।
পিনটি এমন হওয়া উচিত, যা অন্য কেউ সহজে অনুমান করতে পারবে না। এই পিন কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়।
যাচাইকরণ কোড কাউকে দেবেন না
হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য যে ছয় সংখ্যার কোড আসে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ ফোন করে, মেসেজ পাঠিয়ে বা অন্য কোনোভাবে এই কোড চাইলে দেওয়া যাবে না।
প্রতারকেরা অনেক সময় পরিচিত ব্যক্তি বা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পরিচয় দিয়ে এই কোড নেওয়ার চেষ্টা করতে পারে। মনে রাখতে হবে, কোড অন্যকে দিলে নিজের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে।
অপরিচিত লিংকে ক্লিক করার আগে সতর্ক থাকুন
হোয়াটসঅ্যাপে আসা সব লিংক নিরাপদ নয়। পরিচিত কারও নম্বর থেকেও সন্দেহজনক লিংক আসতে পারে। তাই কোনো লিংকে ক্লিক করার আগে সেটি কোথায় নিয়ে যাবে, তা যাচাই করা ভালো।
বিশেষ করে পুরস্কার, উপহার, চাকরি, টাকা পাওয়া বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার মতো জরুরি বার্তা দিয়ে পাঠানো লিংকের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে।
Linked Devices নিয়মিত দেখুন
হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট কম্পিউটার বা অন্য ডিভাইসের সঙ্গে যুক্ত করা যায়। তাই নিজের অজান্তে কোনো অপরিচিত ডিভাইস যুক্ত আছে কি না, তা মাঝে মাঝে দেখে নেওয়া ভালো।
WhatsApp-এর Linked Devices অপশনে গিয়ে যুক্ত থাকা ডিভাইসগুলো দেখা যায়। অপরিচিত কোনো ডিভাইস চোখে পড়লে সেটি থেকে লগআউট করে দেওয়া উচিত।
ফোনের নিরাপত্তার দিকেও নজর দিন
হোয়াটসঅ্যাপের নিরাপত্তা শুধু অ্যাপের ওপর নির্ভর করে না। ফোনে শক্তিশালী স্ক্রিন লক ব্যবহার করাও জরুরি। অন্য কেউ যেন সহজে ফোন খুলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
সম্ভব হলে ফোনের অপারেটিং সিস্টেম ও হোয়াটসঅ্যাপ সব সময় সর্বশেষ সংস্করণে আপডেট রাখা ভালো।
সন্দেহজনক বার্তা বা অ্যাকাউন্ট রিপোর্ট করুন
কেউ যদি অস্বাভাবিকভাবে টাকা চায়, ব্যক্তিগত তথ্য জানতে চায় বা সন্দেহজনক কোনো লিংক পাঠায়, তাহলে তার সঙ্গে যোগাযোগ চালিয়ে না গিয়ে হোয়াটসঅ্যাপের Report ও Block সুবিধা ব্যবহার করা যেতে পারে।
বিশেষ করে পরিচিত কারও নম্বর থেকে অস্বাভাবিক বার্তা এলে সরাসরি সেই ব্যক্তির সঙ্গে অন্য মাধ্যমে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া ভালো।
অ্যাকাউন্টে অস্বাভাবিক কিছু দেখলে দ্রুত ব্যবস্থা নিন
হঠাৎ যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে নিজের অজান্তে বার্তা পাঠানো, অপরিচিত ডিভাইস যুক্ত হওয়া বা অন্য কোনো অস্বাভাবিক কার্যকলাপ চোখে পড়ে, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।
প্রথমে Linked Devices পরীক্ষা করতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিংস পর্যালোচনা করে দুই ধাপ যাচাইকরণ চালু করা উচিত।
হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের যাচাইকরণ কোড ও দুই ধাপ যাচাইকরণের পিন কাউকে না দেওয়া। সামান্য সতর্কতাই অনেক সময় অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যাওয়া থেকে রক্ষা করতে পারে।
সূত্র: হোয়াটসঅ্যাপ



