logo
Advertisement

এবার বিশ্বজয়ের পথে চীনের ‘ইউটিউব’ বিলিবিলি

এশিয়া পোস্ট ডেস্ক
এবার বিশ্বজয়ের পথে চীনের ‘ইউটিউব’ বিলিবিলি
ছবি: সংগৃহীত

চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবার বৈশ্বিক বাজারে বড় পরিসরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। ইউটিউবের বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অ্যাপ পুনরায় চালু করার পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইট চালুর পরিকল্পনা করছে।

Advertisement

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিলিবিলি ইতিমধ্যে তাদের আন্তর্জাতিক অ্যাপ পুনরায় চালু করেছে। অ্যাপটি আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপসহ বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে কর্মী নিয়োগের পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।

বিলিবিলির মূল চীনা ভাষার প্ল্যাটফর্মটি বর্তমানে বিশ্বজুড়েই ব্যবহার করা যায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৭ কোটি ৬০ লাখ। এবার আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে সম্প্রসারণের মাধ্যমে ইউটিউবের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চায় চীনা প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে বিলিবিলি পশ্চিমা কনটেন্ট নির্মাতাদেরও নিজেদের প্ল্যাটফর্মে আনতে চেষ্টা করছে। জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্টসহ কয়েকজন পশ্চিমা তারকা বিলিবিলির চীনা ভাষার প্ল্যাটফর্মে ভিডিও প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের জন্য বিলিবিলির পক্ষ থেকে বিতরণ করা একটি উপস্থাপনায় বলা হয়েছে, ইংরেজি সংস্করণের ওয়েবসাইট শিগগিরই চালু করা হবে। সেখানে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানটি এ নিয়ে জোরালোভাবে কাজ করছে।

আন্তর্জাতিক অ্যাপের নতুন সংস্করণে বিদেশি ব্যবহারকারীদের জন্য পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। ফলে পাসপোর্ট বা পরিচয়পত্র ছাড়াই ব্যবহারকারীরা অ্যাকাউন্ট খুলতে পারছেন।

বিলিবিলির নতুন আন্তর্জাতিক উদ্যোগের প্রচারণার জন্য তৈরি একটি এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, বিলিবিলি বৈশ্বিক বাজারে যাচ্ছে। সেখানে আরও দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের প্ল্যাটফর্মে কনটেন্টের ধরন একই থাকবে।

বৈশ্বিক সম্প্রসারণের অংশ হিসেবে বিলিবিলি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, যুক্তরাজ্যের লন্ডন, মেক্সিকো সিটি, ব্রাজিলের সাও পাওলো, তুরস্কের ইস্তাম্বুল এবং জাপানের টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের প্রস্তুতি নিচ্ছে।

আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের আয় বাড়ানোর ব্যবস্থাও তৈরি করছে প্রতিষ্ঠানটি। নির্মাতাদের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের স্পনসরশিপের সুযোগ তৈরি করতে একটি মার্কেটপ্লেস চালুর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সিঙ্গাপুরভিত্তিক একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিলিবিলি জানিয়েছে, তারা বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কনটেন্ট পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরি করছে।

তবে আন্তর্জাতিক সম্প্রসারণ বিলিবিলির জন্য নতুন কিছু চ্যালেঞ্জও তৈরি করতে পারে। বিশেষ করে সেন্সরশিপ, কনটেন্ট নিয়ন্ত্রণ ও ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যুক্তরাষ্ট্রে টিকটককে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছিল, বিলিবিলিকেও বৈশ্বিক বাজারে প্রবেশের পর একই ধরনের চাপের মুখে পড়তে হতে পারে।