এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই

গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বিশ্বজুড়ে গবেষকদের জন্য বিশেষ সুযোগ চালু করছে ওপেন এআই। ‘চ্যাটজিপিটি ফর একাডেমিক রিসার্সারস’ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা ১২ মাস বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করতে পারবেন।
মূল আবেদনকারীর পাশাপাশি তার প্রতিষ্ঠানের আরও দুজন সহযোগী গবেষকও এই সুবিধা পাবেন। অর্থাৎ একটি গ্রান্টে মোট তিনটি চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকবে।
ওপেন এআই- এর ঘোষণা অনুযায়ী, নতুন পর্যায়ের আবেদন শুরু হবে ২৩ নভেম্বর থেকে। যোগ্যতা পূরণ করে প্রথম আবেদন করা ৫০ হাজার গবেষককে গ্রান্ট দেওয়া হবে।
যেসব কাজে ব্যবহার করা যাবে
গবেষণার বিভিন্ন ধাপ সহজ করতে চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করা যাবে। এর মধ্যে আছে গবেষণাপত্র খোঁজা ও পর্যালোচনা, নতুন গবেষণার ধারণা তৈরি, তথ্য বিশ্লেষণ, গবেষণার কোড লেখা ও সংশোধন এবং গবেষণাপত্র ও অনুদানের আবেদন প্রস্তুত করা। অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও ব্যবহারিক সহায়তাও দেওয়া হবে।
কারা পাবেন এই সুযোগ?
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গবেষক ও পোস্টডক্টরাল গবেষকেরা আবেদন করতে পারবেন। তবে গত তিন বছরের মধ্যে নিজ নিজ গবেষণার বিষয়ে প্রকাশিত গবেষণাপত্রের প্রমাণ থাকতে হবে।
জীববিজ্ঞান, রসায়ন, উপাদানবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, পৃথিবী ও গ্রহবিজ্ঞান, প্রকৌশল, গণিত ও পদার্থবিজ্ঞানের গবেষকেরা এ কর্মসূচির আওতাভুক্ত।
কতজন গবেষক পাবেন সুবিধা?
ওপেন এআই-এর ঘোষণা অনুযায়ী, নতুন পর্যায়ে ৫০ হাজার গ্রান্ট দেওয়া হবে। প্রতিটি গ্রান্টে তিনজন গবেষক সুবিধা পাওয়ায় প্রায় দেড় লাখ গবেষক এর আওতায় আসতে পারেন। আগের পর্যায়ের অংশগ্রহণকারীরাসহ মোট দুই লাখ গবেষক সুবিধা পেতে পারেন।
চীন ও হংকং ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলের যোগ্য গবেষকেরাও এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। ফলে বাংলাদেশের গবেষকদের জন্যও আবেদনের সুযোগ রয়েছে। তবে আবেদনকারীর শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণার যোগ্যতা ওপেন এআই-এর নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। আবেদন করার আগে ওপেনএআই-এর ওয়েবসাইটে বাংলাদেশের প্রতিষ্ঠানটি যোগ্য কি না, তা দেখে নেওয়াই ভালো হবে।
আবেদন করার আগে ওপেন এআই-এর অফিশিয়াল ঘোষণা (https://openai.com/index/expanding-chatgpt-for-academic-researchers/) এবং গবেষকদের জন্য নির্দেশিকা (https://help.openai.com/en/articles/20001406-chatgpt-for-academic-researchers) দেখে নিতে পারেন।

