Advertisement

চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন, সীমাহীন চ্যাট মিলবে বিনামূল্যে

এশিয়া পোস্ট ডেস্ক
চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন, সীমাহীন চ্যাট মিলবে বিনামূল্যে
ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটির বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে বিনামূল্যের ব্যবহারকারীরা জিপিটি-৫.৬ লুনা মডেল ব্যবহার করে সীমাহীন টেক্সট চ্যাট করতে পারবেন। একই সঙ্গে জটিল প্রশ্নের উত্তর পেতে নতুন ‘থিংক’ সুবিধাও চালু করা হবে।

Advertisement

তবে এই সুবিধা শুধু লেখা-ভিত্তিক কথোপকথনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ছবি ও ফাইল আপলোডসহ অন্যান্য টুল ব্যবহারে আগের মতোই নির্দিষ্ট সীমা থাকবে। অপব্যবহার ঠেকাতে কিছু নিয়ন্ত্রণও রাখা হবে বলে জানিয়েছে ওপেনএআই।

কোম্পানিটি জানিয়েছে, চলতি সপ্তাহেই বিনামূল্যের ও গো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ লুনা ডিফল্ট মডেল হিসেবে চালু করা হবে। এরপর আগামী সপ্তাহ থেকে এসব ব্যবহারকারী সীমাহীন টেক্সট চ্যাটের সুবিধা পাবেন।

জটিল প্রশ্নে ‘থিংক’ সুবিধা

কোনো প্রশ্নের উত্তর দিতে আরও বেশি যুক্তি বিশ্লেষণের প্রয়োজন হলে বিনামূল্যের ব্যবহারকারীরা নতুন ‘থিংক’ বোতাম ব্যবহার করতে পারবেন। এই সুবিধা চালু করলে জিপিটি-৫.৬ লুনা উত্তর তৈরির আগে বেশি সময় নিয়ে বিষয়টি বিশ্লেষণ করবে।

অর্থাৎ সাধারণ প্রশ্নের ক্ষেত্রে দ্রুত উত্তর পাওয়া যাবে। আর জটিল পরিকল্পনা, গবেষণা বা সিদ্ধান্ত নেওয়ার মতো প্রশ্নে ব্যবহারকারী চাইলে ‘থিংক’ সুবিধা চালু করে তুলনামূলকভাবে গভীর বিশ্লেষণভিত্তিক উত্তর নিতে পারবেন।

প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্যও পরিবর্তন

প্লাস ও প্রো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলেও পরিবর্তন এনেছে ওপেনএআই। নতুন সংস্করণে তথ্যের নির্ভুলতা এবং উত্তরের মান উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ওপেনএআই জানিয়েছে, তারিখ, সংখ্যা, উৎস, নিয়ম বা বিভিন্ন অনুমানের ওপর নির্ভর করে এমন প্রশ্নের উত্তর দেওয়ার সময় ভুল কমানোর জন্য মডেলটি উন্নত করা হয়েছে।

নতুন জিপিটি-৫.৬ সল আরও সরাসরি ও সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। প্রশ্ন অনুযায়ী উত্তরের বিস্তারিত মাত্রাও এটি নিজে থেকে মানিয়ে নিতে পারবে। অপ্রয়োজনীয় বিন্যাস ও অতিরিক্ত তথ্য কমিয়ে প্রয়োজনীয় বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

কোম্পানিটির অভ্যন্তরীণ এক মূল্যায়নে দেখা গেছে, তথ্যভিত্তিক আর্থিক, চিকিৎসা ও আইনি প্রশ্নের ক্ষেত্রে অন্তত একটি তথ্যগত ভুল থাকা উত্তরের হার আগের জিপিটি-৫.৫ ইনস্ট্যান্টের তুলনায় জিপিটি-৫.৬ লুনায় প্রায় ৬২ শতাংশ ও জিপিটি-৫.৬ সলে ৬৮ শতাংশ কমেছে।

উত্তরের ব্যপ্তি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা

প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য নতুন একটি স্লাইডারও চালু করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি প্রশ্নের উত্তর তৈরিতে চ্যাটজিপিটি কতটা সময় যুক্তি বিশ্লেষণে ব্যয় করবে, তা নির্ধারণ করতে পারবেন।

সাধারণ প্রশ্নের জন্য স্লাইডার কমিয়ে দ্রুত উত্তর নেওয়া যাবে। অন্যদিকে পরিকল্পনা, গবেষণা, লেখা, কোডিং বা জটিল সিদ্ধান্তের মতো কাজের ক্ষেত্রে বেশি সময় নিয়ে বিশ্লেষণ করার সুযোগ থাকবে।

ওপেনএআই বলছে, নতুন ব্যবস্থায় চ্যাটজিপিটির দ্রুত উত্তর দেওয়ার ধরন এবং গভীরভাবে চিন্তা করে উত্তর দেওয়ার ধরন আরও কাছাকাছি হবে। ফলে ব্যবহারকারীর কাছে দুটি আলাদা মডেল ব্যবহারের মতো মনে না হয়ে একই মডেল প্রয়োজন অনুযায়ী বেশি সময় নিয়ে উত্তর দিচ্ছে—এমন অভিজ্ঞতা তৈরি হবে।

ছবি ও ফাইলে সীমা থাকছে

বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য টেক্সট চ্যাটে সীমাহীন ব্যবহারের সুযোগ এলেও সব সুবিধা সীমাহীন হচ্ছে না। ফাইল আপলোড, ছবি এবং অন্যান্য টুল ব্যবহারে সীমা বহাল থাকবে।

ওপেনএআই জানিয়েছে, নতুন জিপিটি-৫.৬ সল মূলত চ্যাটজিপিটির দৈনন্দিন কথোপকথনের জন্য উন্নত করা হয়েছে। তাই এটি চ্যাট অভিজ্ঞতায় ব্যবহার করা হবে। অন্যদিকে ওয়ার্ক ও কোডেক্সে ব্যবহৃত জিপিটি-৫.৬ সল সংস্করণে এই পরিবর্তন প্রযোজ্য হবে না।

ওপেনএআইয়ের ভাষ্য, সর্বশেষ এই পরিবর্তনের লক্ষ্য হলো আরও বেশি মানুষের কাছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে দেওয়া। বিশেষ করে বিনামূল্যের ব্যবহারকারীরা যাতে ব্যবহারের সীমার কারণে কথোপকথন থামিয়ে দিতে বাধ্য না হন, সে সুযোগ তৈরি করতেই টেক্সট চ্যাটে সীমাহীন ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে।