logo

নতুন ৪ সুবিধা চালু করল হোয়াটসঅ্যাপ

নতুন ৪ সুবিধা চালু করল হোয়াটসঅ্যাপ
গ্রুপ চ্যাটে নতুন সুবিধা আনল হোয়াটসঅ্যাপ । ফাইল ছবি

নতুন চার সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে এ সুবিধা দিয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।

নতুন সুবিধাগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখার পাশাপাশি গ্রুপে নতুন যোগ দেওয়া সদস্যদের সঙ্গে আগের কথোপকথন শেয়ার, নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ এবং মেনশন ও উত্তরের বার্তা সহজে খুঁজে পাওয়া যাবে।

এর আগে কোনো বার্তা পিন করার সময় নির্দিষ্ট মেয়াদ নির্বাচন করতে হতো। নতুন সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে কোনো সময়সীমা ছাড়াই গুরুত্বপূর্ণ বার্তা চ্যাটের শীর্ষে রাখতে পারবেন। ফলে সভার নির্দেশনা, অনুষ্ঠানের সময়সূচি, ঠিকানা কিংবা জরুরি ঘোষণার মতো তথ্য সহজেই গ্রুপের সদস্যরা জানতে পারবেন।

প্রতিষ্ঠানটি গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে তাকে আগের কথোপকথনের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার ব্যবস্থাও সহজ করছে। নতুন সদস্য গ্রুপে যোগ দেওয়ার পর তার নামের ওপর ট্যাপ করে সাম্প্রতিক বার্তাগুলো তার সঙ্গে শেয়ার করতে পারবেন অন্য সদস্যরা। এতে নতুন সদস্যকে আগের আলোচনা বুঝতে পুরো চ্যাটের ইতিহাস ঘেঁটে দেখতে হবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শেয়ার করা বার্তাগুলোও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে।

নতুন আরেকটি সুবিধার মাধ্যমে নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ করা যাবে। এত দিন স্ট্যাটাস প্রকাশ করলে ব্যবহারকারীর নির্ধারিত গোপনীয়তা সেটিংস অনুযায়ী পরিচিত ব্যক্তিরা তা দেখতে পেতেন। নতুন সুবিধায় কোনো আপডেট শুধু নির্দিষ্ট গ্রুপের সদস্যদের সঙ্গে শেয়ার করা সম্ভব হবে। গ্রুপের অন্য সদস্যরা সেই স্ট্যাটাস দেখতে ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতোই ২৪ ঘণ্টা পর আপডেটগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

এ ছাড়া গ্রুপে কাউকে মেনশন করা হলে বা কোনো বার্তার সরাসরি উত্তর দেওয়া হলে সেগুলো সহজে খুঁজে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে। এর ফলে ব্যবহারকারীরা তাদের মেনশন করা বার্তা এবং উত্তরগুলো আলাদা করে দেখতে পারবেন।

গ্রুপের সব সদস্যকে একসঙ্গে মেনশন করতে ব্যবহৃত ‘@all’ যুক্ত বার্তাও এই ফিল্টারের আওতায় থাকবে। ফলে অসংখ্য বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পেতে চ্যাটবক্সের পুরো কথোপকথন ঘাঁটতে হবে না।

মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ফলে সব ব্যবহারকারী একই সময়ে এসব সুবিধা ব্যবহার করতে পারবেন না।

সূত্র: নিউজ ১৮