নতুন ম্যাকবুক প্রোসহ অক্টোবরে যেসব পণ্য আনতে যাচ্ছে অ্যাপল

গত সপ্তাহেই ফোল্ডেবল ‘আইফোন ডুও’, ‘আইফোন১৮ প্রো’, ‘আইফোন১৮ প্রো ম্যাক্স’ ও ‘এয়ারপডস ৫’ বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। এবার সামনের অক্টোবরেই আরও কয়েকটি নতুন পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনের বরাতে জানা গেছে, নতুন ম্যাকবুকসহ অ্যাপলের বেশ কয়েকটি পণ্য অক্টোবরে উন্মোচন হতে পারে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে টাচস্ক্রিনযুক্ত ম্যাকবুক।
নতুন ম্যাকবুক প্রোতে ওএলইডি পর্দার পাশাপাশি টাচস্ক্রিন থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। ম্যাকবুকে টাচস্ক্রিন না দেওয়ার দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এলে এটি অ্যাপলের জন্য বড় পরিবর্তন হবে।
এ ছাড়া এম৬ চিপযুক্ত নতুন ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রোও আসতে পারে। নতুন চিপের পাশাপাশি এতে আরও উন্নত কর্মক্ষমতা থাকতে পারে।
এম৬ চিপের আইম্যাকও আনার পরিকল্পনা থাকতে পারে অ্যাপলের। এতে নতুন প্রসেসরের পাশাপাশি নতুন রংও যুক্ত হতে পারে।
ম্যাকের বাইরে অ্যাপলের নজর থাকতে পারে স্মার্ট হোম পণ্যের দিকে। সেপ্টেম্বরের আয়োজনের পর নতুন কোনো হোমপণ্য না আসায় অক্টোবরকে এ ধরনের পণ্য আনার সম্ভাব্য সময় হিসেবে দেখা হচ্ছে।
নতুন অ্যাপল টিভি ৪কে আনার গুঞ্জনও রয়েছে। এতে এ১৯ প্রো চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিরি ও নতুন রিমোট থাকতে পারে।
অ্যাপল ‘হোমপ্যাড’ বা ‘হোমপড টাচ’ নামের একটি স্মার্ট যন্ত্রও আনতে পারে। এতে পর্দা থাকবে এবং এটি বাড়ির বিভিন্ন স্মার্ট যন্ত্র নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে কাজ করতে পারে।
এ ছাড়া হোমপড মিনি-২ আনার সম্ভাবনাও রয়েছে। এতে আগের সংস্করণের তুলনায় দ্রুতগতির চিপ ও উন্নত শব্দব্যবস্থা থাকতে পারে। নতুন হোমপড-৩-ও আসতে পারে। এসব পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিরিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা থাকতে পারে অ্যাপলের।
তবে এসব পণ্য ও অক্টোবরের সম্ভাব্য উন্মোচনের বিষয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই গুঞ্জনে থাকা সব পণ্য শেষ পর্যন্ত অক্টোবরেই আসবে কি না, তা নিশ্চিত নয়।


