ওয়াই-ফাই পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন, জেনে নিন ৬ উপায়

বাড়ির ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড একবার সেট করে দেওয়ার পর অনেকেই আর মনে রাখেন না। কারণ ফোন, কম্পিউটার বা টেলিভিশন একবার ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত হয়ে গেলে পরে সাধারণত নিজে থেকেই সংযোগ হয়ে যায়। কিন্তু নতুন কোনো ফোনে সংযোগ দিতে গিয়ে হঠাৎ পাসওয়ার্ড প্রয়োজন হলে তখনই শুরু হয় বিপত্তি।
পাসওয়ার্ড ভুলে গেলে অবশ্যই টেকনিশিয়ান ডাকতে হবে বা রাউটার নতুন করে সেট করতে হবে, বিষয়টি এমন নয়। আগে থেকে ওয়াই-ফাইয়ে যুক্ত থাকা ফোন বা কম্পিউটার থেকেই অনেক ক্ষেত্রে সংরক্ষিত পাসওয়ার্ড দেখা যায়। রাউটারের গায়েও পাসওয়ার্ড লেখা থাকতে পারে।
রাউটারের গায়ে লেখা পাসওয়ার্ড দেখুন
সবচেয়ে সহজ উপায় হলো রাউটারটি ভালো করে দেখা। অনেক রাউটারের নিচে বা পেছনে একটি স্টিকার থাকে। সেখানে ওয়াই-ফাইয়ের নামের পাশাপাশি প্রাথমিক পাসওয়ার্ড বা নেটওয়ার্ক কী লেখা থাকতে পারে।
তবে একটি বিষয় মনে রাখতে হবে। রাউটারের স্টিকারে থাকা পাসওয়ার্ডটি সাধারণত কারখানা থেকে দেওয়া প্রাথমিক পাসওয়ার্ড। আপনি যদি পরে নিজের মতো করে পাসওয়ার্ড পরিবর্তন করে থাকেন, তাহলে স্টিকারে লেখা পাসওয়ার্ডটি আর কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে প্রথম যখন পাসওয়ার্ড সেট করবেন, তখন তা স্টিকারে লিখে রাউটারের সঙ্গে লাগিয়ে রাখুন।
উইন্ডোজ কম্পিউটার থেকে পাসওয়ার্ড দেখুন
যে কম্পিউটারটি আগে থেকেই ওই ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত, সেটি ব্যবহার করে সহজেই পাসওয়ার্ড দেখা যায়।
উইন্ডোজ ১১-এ সাধারণত এভাবে খুঁজে বের করতে পারেন: সেটিংস > নেটওয়ার্ক ও ইন্টারনেট > ওয়াই-ফাই > সংযুক্ত নেটওয়ার্কের বৈশিষ্ট্য
এরপর ওয়াই-ফাই পাসওয়ার্ডের পাশে দেখান অপশন নির্বাচন করলে সংরক্ষিত পাসওয়ার্ড দেখা যাবে। আগে সংযুক্ত থাকা নেটওয়ার্কের ক্ষেত্রেও সংরক্ষিত নেটওয়ার্কের তালিকা থেকে পাসওয়ার্ড দেখার সুবিধা রয়েছে।
উইন্ডোজ ১০-এ পদ্ধতিটি কিছুটা আলাদা হতে পারে। ওয়াই-ফাইয়ের অপশনে গিয়ে নিরাপত্তা (security) অংশে show password-এ গেলে সংরক্ষিত পাসওয়ার্ড দেখা যায়।
আইফোন থেকেই পাসওয়ার্ড বের করুন
আইফোনে আগে থেকে সংরক্ষিত ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডও দেখা যায়। আইওএস ১৬ ও পরবর্তী সংস্করণে বর্তমানে ব্যবহৃত নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখতে: সেটিংস > ওয়াই-ফাই > সংযুক্ত নেটওয়ার্কের পাশে তথ্য চিহ্ন > পাসওয়ার্ড
এরপর ফোনের পাসকোড, ফেস আইডি বা টাচ আইডি দিয়ে পরিচয় নিশ্চিত করলে পাসওয়ার্ড দেখা যাবে।
আগে যুক্ত হওয়া নেটওয়ার্কের পাসওয়ার্ডও একইভাবে দেখা যায়। আইওএস ১৮ থেকে পাসওয়ার্ডস অ্যাপের ওয়াই-ফাই অংশ থেকেও সংরক্ষিত নেটওয়ার্কের তথ্য দেখা ও কপি করা যায়।
অ্যান্ড্রয়েড ফোনের কিউআর কোড ব্যবহার করুন
অনেক আধুনিক অ্যান্ড্রয়েড ফোনে সংযুক্ত ওয়াই-ফাইয়ের তথ্য কিউআর কোডের মাধ্যমে শেয়ার করার সুবিধা রয়েছে।
ফোনের সেটিংস > ওয়াই-ফাই অংশে গিয়ে যে নেটওয়ার্কে ফোনটি যুক্ত আছে সেটি নির্বাচন করুন। সেখানে শেয়ার বা কিউআর কোড ধরনের অপশন থাকলে সেটি নির্বাচন করুন।
অন্য ফোন দিয়ে সেই কিউআর কোড স্ক্যান করলে অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড না লিখেই ওয়াই-ফাইয়ে সংযোগ করা যায়। ফোনের ব্র্যান্ড ও অ্যান্ড্রয়েড সংস্করণ অনুযায়ী ধাপের নাম কিছুটা আলাদা হতে পারে।
আগে যুক্ত থাকা অন্য ফোন বা কম্পিউটার ব্যবহার করুন
আপনার নিজের ফোনে পাসওয়ার্ড মনে না থাকলেও পরিবারের অন্য কোনো ফোন, ট্যাবলেট বা কম্পিউটার যদি একই ওয়াই-ফাইয়ে আগে থেকেই যুক্ত থাকে, সেটি কাজে লাগতে পারে।
বিশেষ করে আধুনিক ফোন ও কম্পিউটারে সংরক্ষিত ওয়াই-ফাইয়ের তথ্য দেখা বা অন্য ডিভাইসের সঙ্গে ভাগ করে নেওয়ার সুবিধা রয়েছে। তাই নতুন করে রাউটার সেট করার আগে বাড়িতে আগে থেকেই যুক্ত কোনো ডিভাইস আছে কি না, সেটি পরীক্ষা করে দেখুন।
একেবারে শেষ উপায় হিসেবে রাউটার পুনরায় সেট করুন
যদি পাসওয়ার্ড কোথাও সংরক্ষিত না থাকে এবং রাউটারের ব্যবস্থাপনা পাতাতেও প্রবেশ করা না যায়, তখন রাউটার পুনরায় সেট করার কথা ভাবা যায়।
তবে এটি প্রথম পদক্ষেপ হওয়া উচিত নয়। রাউটার পুনরায় সেট করলে আগের ওয়াই-ফাই নাম, পাসওয়ার্ড এবং অন্যান্য কনফিগারেশন মুছে যেতে পারে। ফলে ইন্টারনেট সংযোগ আবার নতুন করে সেট করতে হতে পারে।
তাই শুধু পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে রাউটারের রিসেট বোতাম চাপবেন না। আগে সংযুক্ত ডিভাইস, রাউটারের স্টিকার এবং ব্যবস্থাপনা পাতার মাধ্যমে পাসওয়ার্ড উদ্ধারের চেষ্টা করুন।
পাসওয়ার্ড পাওয়ার পর কী করবেন?
পাসওয়ার্ড ফিরে পাওয়ার পর সেটি কোথাও নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে পারেন। চাইলে পরিবারের সদস্যদের প্রয়োজন অনুযায়ী কিউআর কোডের মাধ্যমে ওয়াই-ফাই শেয়ার করা যায়।
তবে পাসওয়ার্ড খুব সহজ রাখা ঠিক নয়। নিজের নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ বা সহজ ধারাবাহিক সংখ্যা ব্যবহার না করে অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে তুলনামূলক শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা ভালো।
আর বাড়ির ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার না করাই নিরাপদ।
পাসওয়ার্ড মনে না থাকলে এই ভুল করবেন না
অনেকেই পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর বিভিন্ন অচেনা অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে পাসওয়ার্ড উদ্ধার করার চেষ্টা করেন। এ ধরনের অ্যাপকে রাউটারের তথ্য, ফোনের অনুমতি বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সতর্ক থাকুন।
যে ডিভাইসটি আগে থেকেই আপনার নিজের ওয়াই-ফাইয়ে যুক্ত রয়েছে, সেখানকার সংরক্ষিত তথ্য ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ উপায়। মাইক্রোসফট ও অ্যাপল উভয়েই তাদের নিজস্ব ব্যবস্থায় সংরক্ষিত ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখার সুবিধা দিয়েছে।
ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। রাউটারের গায়ে থাকা তথ্য, আগে সংযুক্ত উইন্ডোজ কম্পিউটার, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন বা রাউটারের ব্যবস্থাপনা পাতা থেকে অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ড উদ্ধার করা সম্ভব।
তাই প্রথমেই রাউটার রিসেট না করে আগে থেকে যুক্ত থাকা কোনো ডিভাইস পরীক্ষা করুন। এতে পুরোনো সেটিংস নষ্ট না করেই কয়েক মিনিটের মধ্যে হারানো ওয়াই-ফাই পাসওয়ার্ড ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে।
সূত্র: সিবিএন
