ইকাতেরিনবার্গ ইয়ুথ ফেস্টিভ্যালে ১০ হাজার জন রুশ এআই ব্যাহার করেছেন

গুগল, মেটা, চ্যাটজিপিটি এর মতো বৃহৎ মার্কিন টেক প্ল্যাটফর্মগুলোর ব্যবহার নিষিদ্ধ রাশিয়ায়। ফলে দেশটিতে এসব প্রতিষ্ঠানের মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটস অ্যাপ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ছাড়া ব্যবহার করা যায় না রাশিয়ায়।
এই তালিকায় আরও রয়েছে ওপেন এআই এর চ্যাটজিপিটি, গুগলের জেমিনির মতো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রায় সবগুলো এআই প্ল্যাটফর্ম।
তবে এআই এর ব্যবহার থেমে নেই রাশিয়ায়। পশ্চিমা এআই প্ল্যাটফর্মগুলোর বিপরীতে রাশিয়ার রয়েছে নিজস্ব এআই এবং দেশটির বাসিন্দারা সেগুলো ব্যবহারও করছেন।
রাশিয়াসহ বিশ্বের ১৯১টি দেশের ১০ হাজার যুব প্রতিনিধিদের অংশগ্রহণে সম্প্রতি দেশটির ইকাতেরিনবার্গ শহরে আয়োজিত হলো ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬’। যুব প্রতিনিধিদের পাশাপাশি শতাধিক দেশ থেকে এক হাজার শিশু ও কিশোর, খাতভিত্তিক বিশেষজ্ঞ ও পেশাজীবী, মেন্টর, বিনিয়োগকারী এবং গণমাধ্যমকর্মীরাও ফেস্টিভ্যালে অংশ নেন।
এই ফেস্টিভ্যালের অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায় রাশিয়ার ‘এস্বার’ ব্যাংকের বিশেষ এক এআই সহযোগী।
গত ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ফেস্টিভ্যাল চলাকালীন ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী ‘এস্বার’ এর এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। নিউরাল নেটওয়ার্ক ‘গিগাচ্যাট’ এবং ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ (এলএলএম) ভিত্তিক এআই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের দুই লাখ ১০ হাজারের বেশি অনুরোধ প্রক্রিয়া করেছে।
ফেস্টিভ্যাল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এই প্ল্যাটফর্মটির সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহের বিষয় ও বক্তার ভিত্তিতে ব্যক্তিগতকৃত (পার্সোনালাইজড) সময়সূচি তৈরি করতে পারতেন, ভ্রমণ সময় হিসাব করে অনুষ্ঠানস্থল জুড়ে রুট নির্ধারণ করতে পারতেন, আয়োজন-সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে পারতেন এবং অতীত অধিবেশনগুলোর সংক্ষিপ্ত সারাংশ পেতে পারতেন।
গড়ে প্রতি স্বতন্ত্র ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রায় ২১টি করে অনুরোধ করেছিলেন। অংশগ্রহণকারীরা পুরো উৎসব চলাকালীন সময়সূচি স্পষ্ট করতে, প্রয়োজনীয় ভেন্যু খুঁজে নিতে এবং রুট তৈরি করতে বারবার সেবাটি ব্যবহার করেছেন। এ ছাড়া এতে ছিল রাশিয়ান-ইংরেজি উভয় ভাষার অনুবাদক। ফলে এটি’এস্বার’ এর এআই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ছিল ‘কয়েন’।
এআই প্ল্যাটফর্মটি ব্যবহারের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ‘কয়েন’ জমা হতে থাকে। জমাকৃত কয়েন দিয়ে ফেস্টিভ্যালে ‘এস্বার’ এর স্টলে স্মারক পণ্য ক্রয়, কাইনেটিক প্রাচীরে শুভেচ্ছাবার্তা প্রদর্শন এবং ভানিয়া দিমিত্রিয়েঙ্কোর অটোগ্রাফ সেশনে অংশ নেওয়ার সুযোগ ছিল।
