Advertisement

আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানা গেল সম্ভাব্য তারিখ

এশিয়া পোস্ট ডেস্ক
আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানা গেল সম্ভাব্য তারিখ
ছবি : সংগৃহীত

স্মার্টফোন দুনিয়ায় ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণের বিষয় হলো অ্যাপলের আইফোন। প্রতি বছরের মতো এবারও আইফোনের নতুন মডেল উন্মোচনের প্রস্তুতি নিয়ে সুখবর জানাল নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

Advertisement

সম্প্রতি অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সের ২০২৬ (ডব্লিউডব্লিউডিসি) আনুষ্ঠানিক সূচনার মধ্য দিয়ে বিশ্বজুড়ে টেকপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এই মেগা আয়োজনটি অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং অ্যাপলের ইতিহাসের প্রথম ফোল্ডিং বা ভাঁজ করা আইফোন বাজারে আসার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে।

বিগত ধারা অনুযায়ী, বছরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত আইফোন উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার ৯ সেপ্টেম্বর আইফোন ১৮ সিরিজের মূল কি-নোট ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, উন্মোচনের দুই দিন পর অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে আইফোন ১৮ সিরিজের প্রি-অর্ডার বা আগাম বুকিং।

এদিকে সেপ্টেম্বরের মাঝামাঝি আইওএস ২৭-এর চূড়ান্ত সংস্করণও উন্মুক্ত করা হতে পারে। ধারণা করা হচ্ছে, ১৪ বা ১৫ সেপ্টেম্বর থেকে আইফোন ১১ এবং পরবর্তী মডেলের ব্যবহারকারীরা নতুন সফটওয়্যার আপডেট ডাউনলোড করতে পারবেন। একই সময়ে প্রযুক্তি বিশ্লেষকদের রিভিউ ও মূল্যায়নও প্রকাশ হতে শুরু করবে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ১৮ সেপ্টেম্বর থেকে বিশ্ববাজারে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের বিক্রি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধেই নতুন আইফোন হাতে পাওয়ার সুযোগ মিলতে পারে গ্রাহকদের।

তবে এবারের সবচেয়ে বড় চমক হতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন। বিভিন্ন সূত্রের দাবি, ডিভাইসটি ‘আইফোন আলট্রা’ নামে বাজারে আসতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ফিচারে যা থাকছে

ক্যামেরায় আপগ্রেড

আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় আপগ্রেড হতে পারে মেকানিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার লেন্স, যা আলো নিয়ন্ত্রণে ব্যবহারকারীকে আরও বেশি সুবিধা দেবে। এর ফলে কম আলোতেও উন্নত মানের ছবি তোলা সম্ভব হবে। পাশাপাশি পোর্ট্রেট মোডে আরও প্রাকৃতিক ডেপথ ইফেক্ট পাওয়া যেতে পারে।

ডিসপ্লেতে বড় পরিবর্তন

আইফোন ১৮ প্রো-এ থাকতে পারে ৬ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে। আর আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকতে পারে ৬ দশমিক ৯ ইঞ্চির বড় ডিসপ্লে প্যানেল।

নতুন এলটিপিও+ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা ব্যাটারির পাওয়ার ইফিশিয়েন্সি আরও উন্নত করবে। এ ছাড়া ডায়নামিক আইল্যান্ডের আকার প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত ছোট হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তুলবে।

ব্যাটারিতে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫১০০ থেকে ৫২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, যা এখন পর্যন্ত আইফোন সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যাবে এবং সারাদিনের ব্যাটারি লাইফ নিশ্চিত করা আরও সহজ হতে পারে।

পারফরম্যান্সে নতুন যুগের সূচনা

পারফরম্যান্সের দিক থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স সিরিজে আসতে পারে নতুন এ২০ প্রো চিপ, যা তৈরি হতে পারে টিএসএমসির ২ ন্যানোমিটার প্রযুক্তিতে। ফলে আগের তুলনায় পারফরম্যান্স প্রায় ১৫ শতাংশ দ্রুত এবং পাওয়ার ইফিশিয়েন্সি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত উন্নত হতে পারে। এতে উন্নত অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট এবং আরও দ্রুত এআই প্রসেসিং ক্ষমতা যুক্ত থাকতে পারে, যা সামগ্রিক ব্যবহার অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও শক্তিশালী করে তুলবে।

দাম যত হতে পারে

প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে আইফোন ১৮-এর দাম নিয়ে ব্যতিক্রম ধারণা রয়েছে। কেউ কেউ মনে করছেন অ্যাপল এবার আক্রমণাত্মক প্রাইসিং স্ট্র্যাটেজি নিতে পারে, আবার কেউ বলছেন দাম আগের মতোই স্থিতিশীল থাকতে পারে।

তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে আইফোন ১৮ প্রো-এর দাম শুরু হতে পারে প্রায় ১০৯৯ ডলার থেকে এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর দাম হতে পারে প্রায় ১১৯৯ ডলার থেকে।

সূত্র: অ্যাপল গ্যাজেট