মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কী হবে, যে নিয়ম জানা জরুরি

সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের জীবনের অনেক স্মৃতি জমা থাকে। পুরোনো ছবি, বন্ধুদের সঙ্গে কথোপকথনের স্মৃতি, জন্মদিনের শুভেচ্ছা কিংবা পরিবারের নানা মুহূর্ত। সবই থেকে যায় আমাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রোফাইলে। কিন্তু ব্যবহারকারীর মৃত্যুর পর সেই অ্যাকাউন্টের কী হবে, তা কি কখনো ভেবে দেখেছেন?
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ব্যবহারকারীদের জন্য এ বিষয়ে দুটি ব্যবস্থা রেখেছে। চাইলে মৃত্যুর পর নিজের প্রোফাইল স্মৃতি হিসেবে রেখে যাওয়ার ব্যবস্থা করা যায়। আবার চাইলে মৃত্যুর পর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে মুছে ফেলার নির্দেশও আগে থেকে দেওয়া যায়।
এ ছাড়া একজন বিশ্বস্ত বন্ধু বা পরিচিত ব্যক্তিকে লিগ্যাসি কন্টাক্ট হিসেবেও নির্বাচন করার সুযোগ দিচ্ছে ফেসবুক। তিনি মৃত্যুর পর স্মারক হিসেবে রাখা অ্যাকাউন্টটির কিছু নির্দিষ্ট বিষয় পরিচালনা করতে পারবেন। তবে এই লিগ্যাসি কন্টাক্ট অ্যাকাউন্টে সরাসরি লগইন করতে পারবেন না বা ব্যক্তিগত বার্তা পড়তে পারবেন না।
ফেসবুকের মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট কী
মৃত্যুর পর কোনো ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল স্মৃতি সংরক্ষণের জন্য রেখে দেওয়াই হলো মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট। এ ধরনের প্রোফাইল বন্ধু, প্রিয়জন ও পরিবারের সদস্যদের জন্য প্রয়াত ব্যক্তির স্মৃতি ধরে রাখার একটি জায়গা হয়ে উঠতে পারে।
এ ধরনের অ্যাকাউন্টের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। যেমন-
- প্রোফাইলে ব্যবহারকারীর নামের পাশে Remembering বা স্মরণে শব্দটি দেখা যায়।
- প্রোফাইলের গোপনীয়তা সেটিংস অনুযায়ী বন্ধু ও পরিচিতরা স্মৃতিচারণা করতে পারেন।
- আগে শেয়ার করা ছবি, পোস্ট ও অন্যান্য কনটেন্ট নির্ধারিত দর্শকদের কাছে আগের মতো দৃশ্যমান থাকতে পারে।
- প্রোফাইলটি সাধারণত জন্মদিনের স্মরণবার্তা, People You May Know-এর পরামর্শ কিংবা বিজ্ঞাপনের মতো জায়গায় দেখানো হয় না।
এছাড়া কেউ ওই অ্যাকাউন্টে লগইন করতে পারেন না।
অর্থাৎ, মেমোরিয়ালাইজড অ্যাকাউন্টের উদ্দেশ্য হলো প্রয়াত ব্যক্তির স্মৃতি সংরক্ষণ করা, অন্য কাউকে তার পরিচয়ে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দেওয়া নয়।
লিগ্যাসি কন্টাক্ট কী এবং কেন নির্বাচন করবেন
লিগ্যাসি কন্টাক্ট হলেন এমন একজন ফেসবুক বন্ধু, যাকে ব্যবহারকারী জীবিত থাকতেই নিজের অ্যাকাউন্টের ভবিষ্যৎ দেখভাল করার জন্য নির্বাচন করেন। ব্যবহারকারীর মৃত্যুর পর অ্যাকাউন্টটি স্মারক হিসেবে রাখা হলে এই ব্যক্তি নির্দিষ্ট কিছু কাজ করতে পারেন।
লিগ্যাসি কন্টাক্ট নির্বাচন করে রাখলে পরিবারের সদস্যদের পক্ষে অ্যাকাউন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে। তবে এমন কাউকে বেছে নেওয়া দরকার যিনি বিশ্বস্ত এবং আপনার ইচ্ছাকে সম্মান করবেন।
লিগ্যাসি কন্টাক্ট কী কী করতে পারবেন?
ফেসবুকের নিয়ম অনুযায়ী, লিগ্যাসি কন্টাক্টের অনুমতি ও অ্যাকাউন্টের সুবিধার ওপর নির্ভর করে তিনি-
- প্রোফাইলের ছবি ও কভার ছবি পরিবর্তন করতে পারবেন।
- প্রোফাইলে একটি গুরুত্বপূর্ণ পোস্ট পিন করে রাখতে পারবেন।
- নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারবেন।
- নির্দিষ্ট সুবিধা চালু থাকলে আগে শেয়ার করা তথ্যের একটি কপি ডাউনলোড করতে পারবেন।
- প্রয়োজন হলে স্মারক হিসেবে রাখা অ্যাকাউন্টটি মুছে ফেলার অনুরোধ বা সিদ্ধান্ত নিতে পারবেন।
লিগ্যাসি কন্টাক্ট কী করতে পারবেন না?
এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে।
- তিনি প্রয়াত ব্যক্তির অ্যাকাউন্টে লগইন করতে পারবেন না।
- ব্যক্তিগত মেসেঞ্জার বার্তা পড়তে পারবেন না।
- আগের সব পোস্ট সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন না।
- অ্যাকাউন্টের সব সেটিংস নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন না।
তাই লিগ্যাসি কন্টাক্টকে অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ার ব্যবস্থা হিসেবে ভাবা ঠিক নয়। এটি মূলত স্মারক প্রোফাইলের কিছু নির্দিষ্ট কাজ পরিচালনার সুযোগ।
মৃত্যুর পর অ্যাকাউন্ট মুছে ফেলার ব্যবস্থা যেভাবে করবেন
আপনি যদি মৃত্যুর পর নিজের ফেসবুক প্রোফাইল রেখে যেতে না চাইলে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে মুছে ফেলার নির্দেশ আগে থেকেই নির্বাচন করতে পারেন।
এই বিকল্প বেছে নিলে ফেসবুক আপনার মৃত্যুর বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার পর নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট মুছে ফেলার ব্যবস্থা করবে। এটি সাধারণ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার মতো নয়। স্থায়ীভাবে মুছে ফেলা হলে প্রোফাইল ও সংশ্লিষ্ট কনটেন্ট পুনরুদ্ধার করা সম্ভব নাও হতে পারে।
তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন আপনি কী চান। আপনি কি চান পরিচিতরা আপনার ছবি ও পোস্টের মাধ্যমে স্মৃতি ধরে রাখুন, নাকি মৃত্যুর পর অ্যাকাউন্টটি সরিয়ে ফেলা হোক।
কীভাবে ফেসবুকে লিগ্যাসি কন্টাক্ট সেট করবেন?
ফেসবুকের সেটিংসের মাধ্যমে এই ব্যবস্থা চালু করা যায়। অ্যাপের সংস্করণ বা ভাষা অনুযায়ী মেনুর নাম কিছুটা আলাদা হতে পারে।
- ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট খুলে নিজের প্রোফাইলে প্রবেশ করুন।
- প্রোফাইল ছবি বা মেনুতে ক্লিক করে Settings & privacy-তে যান।
- এরপর Settings নির্বাচন করুন।
- Accounts Center-এ প্রবেশ করুন।
- Personal details অথবা Profiles and personal details নামে যে বিভাগটি দেখানো হয়, সেখানে যান।
- Account ownership and control নির্বাচন করুন।
- Memorialization বা স্মারক-সংক্রান্ত সেটিংস খুলুন।
- নিজের ফেসবুক প্রোফাইল নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করুন।
- লিগ্যাসি কন্টাক্ট নির্বাচন করুন অথবা মৃত্যুর পর অ্যাকাউন্ট মুছে ফেলার বিকল্পটি বেছে নিন।
- পছন্দ নিশ্চিত করে সেটিংস সংরক্ষণ করুন।
ফেসবুকের মেনুতে এই বিকল্প খুঁজে না পেলে Facebook Help Center-এর লিগ্যাসি কন্টাক্ট নির্দেশনা দেখে নিতে পারেন।
মৃত্যুর পর পরিবারের সদস্যরা কীভাবে অ্যাকাউন্টের ব্যবস্থা করবেন?
কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার ফেসবুক অ্যাকাউন্ট স্মারক হিসেবে রাখতে চাইলে পরিবারের সদস্য বা উপযুক্ত ব্যক্তি ফেসবুকের কাছে অনুরোধ করতে হবে। আবার প্রয়োজনীয় প্রমাণ ও কর্তৃত্ব থাকলে অ্যাকাউন্ট সরিয়ে ফেলার অনুরোধও করা যায় এ ক্ষেত্রে।
এ ক্ষেত্রে ফেসবুকের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রয়াত ব্যক্তির প্রোফাইলের লিংক, মৃত্যুর তথ্য এবং প্রয়োজন অনুযায়ী প্রমাণপত্র মেটাকে জমা দিতে হতে পারে।
মনে রাখবেন, প্রয়াত ব্যক্তির পাসওয়ার্ড জানা থাকলেও তার অ্যাকাউন্টে লগইন করা ঠিক না। ফেসবুকের নীতিমালা অনুযায়ী, অন্যের অ্যাকাউন্টে প্রবেশের পরিবর্তে স্মারক করা বা মুছে ফেলার আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করাই সঠিক ও সাভাবিক নিয়ম।
ফেসবুক অ্যাকাউন্টে জমে থাকা ছবি ও পোস্ট অনেক সময় পরিবারের কাছে মূল্যবান স্মৃতি হয়ে থাকে। আবার কেউ কেউ মৃত্যুর পর নিজের ডিজিটাল উপস্থিতি রাখতে চান না। ফেসবুকের লিগ্যাসি কন্টাক্ট ও মেমোরিয়ালাইজেশন সেটিংস ব্যবহারকারীদের এই সিদ্ধান্ত আগে থেকে ঠিক করার সুযোগ দেয়।
তাই সময় থাকতেই নিজের পছন্দ অনুযায়ী সেটিংস ঠিক করে রাখুন এবং প্রয়োজনে বিশ্বস্ত ব্যক্তিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিন। এতে ভবিষ্যতে পরিবারের সদস্যদের জন্য আপনার ইচ্ছা অনুযায়ী ব্যবস্থা নেওয়া সহজ হবে।
তথ্যসূত্র
Facebook Help Center: About Memorialised Accounts
Facebook Help Center: Legacy Contacts
Meta: What Should Happen to People's Online Identity When They Die?
