logo

এত দামি ফোন কিনেও স্বস্তি নেই, আইফোন ১৮ প্রো ম্যাক্সেও গ্রিনলাইন

এনডিটিভি
এনডিটিভি
এত দামি ফোন কিনেও স্বস্তি নেই, আইফোন ১৮ প্রো ম্যাক্সেও গ্রিনলাইন
সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বাজারে আসার কয়েক সপ্তাহের মধ্যেই আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের ডিসপ্লেতে সবুজ, গোলাপি ও লাল লম্বালম্বি দাগ দেখা যাওয়ার দাবি করেছেন কয়েকজন ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ব্যবহারকারীদের প্রকাশিত ভিডিওতে নতুন আইফোনের পর্দায় গ্রিনলাইন দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছ থেকেও এ ধরনের অভিযোগ এসেছে।

কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, অ্যাপলের সঙ্গে যোগাযোগের পর তাদের ফোন বদলে দেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত কতগুলো ফোনে এ সমস্যা দেখা দিয়েছে, তার কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায়নি। সমস্যাটি ব্যাপক আকারে ছড়ানোর প্রমাণও নেই। একইভাবে, নির্দিষ্ট কোনো হার্ডওয়্যার যন্ত্রাংশের কারণে এ সমস্যা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত নয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ সমস্যার সঙ্গে স্যামসাংয়ের নাম জড়িয়েছেন। কারণ, অ্যাপলের উচ্চমূল্যের আইফোনে ব্যবহৃত পর্দার একটি বড় অংশ সরবরাহ করে স্যামসাং ডিসপ্লে।

স্যামসাং অ্যাপলের উচ্চমানের ফোনের জন্য লো-টেম্পারেচার পলিক্রিস্টালাইন সিলিকন অক্সাইড প্লাস বা এলটিপিও প্লাস ওএলইডি প্যানেল সরবরাহ করে। এসব প্যানেলের ড্রাইভার ইউনিটে অক্সাইড প্রযুক্তি ব্যবহৃত হয়, যা বিদ্যুৎ সাশ্রয়ী।

তবে স্যামসাংয়ের তৈরি পর্দাই নতুন আইফোনের এ সমস্যার পেছনে দায়ী এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত সামনে আসেনি।

আইফোনে পর্দায় গ্রিনলাইন দেখা যাওয়ার অভিযোগ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে আইফোন এক্স, আইফোন ১৩ ও আইফোন ১৪ প্রোসহ বিভিন্ন সিরিজের ফোন নিয়েও একই ধরনের অভিযোগ করেছিলেন কিছু ব্যবহারকারী।

অ্যাপল ৯ সেপ্টেম্বর নতুন আইফোন বাজারে আনে। নতুন মডেলগুলোর দাম আগের সিরিজের তুলনায় বেশি হলেও বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ ও খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী, নতুন মডেলের আইফোন বিক্রি ১৫ থেকে ২৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।