ফেসবুক, ইনস্টাগ্রামসহ মেটা অ্যাপসে যুক্ত হলো বিশ্বকাপ উন্মাদনা

আনুষ্ঠানিকভাবে মাঠে গড়িয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল মহোৎসব চলাকালীন ভক্তদের প্রতিনিয়ত যুক্ত রাখতে এবং খেলার আনন্দকে দ্বিগুণ করতে একগুচ্ছ ফুটবল-থিমযুক্ত ফিচার নিয়ে এসেছে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মেটা।
গত ১১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। এই পুরো সময় ব্যবহারকারীদের সুবিধার্থে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং থ্রেডসের জন্য বিশেষ ফিচার ও ইন্টারঅ্যাক্টিভ টুলসের ঘোষণা করেছে কোম্পানিটি। টুলসগুলোর মূল লক্ষ্য হলো লাইভ কথোপকথন ও ম্যাচের লাইভ আপডেট।
মেটা জানিয়েছে, মাঠের ম্যাচগুলো চলার সঙ্গে সঙ্গে ভক্তদের এই বিশ্বযজ্ঞ সরাসরি যুক্ত রাখতে তারা বিভিন্ন দেশের ব্রডকাস্টার, খেলোয়াড়, জাতীয় দল, ধারাভাষ্যকার এবং কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
থ্রেডসে তারকাদের সঙ্গে লাইভ চ্যাট ও স্কোর
বিশ্বকাপের সবচেয়ে বড় চমকটি এসেছে মেটার নতুন প্ল্যাটফর্ম থ্রেডসে। এখানে যুক্ত হয়েছে ‘লাইভ চ্যাট’ সুবিধা। এর মাধ্যমে ভক্তরা খেলা শুরুর আগে, ম্যাচ চলাকালীন এবং খেলা শেষে সরাসরি রিয়েলটাইম আলোচনায় অংশ নিতে পারবেন।
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি সার্জিও আগুয়েরো এবং সাবেক ইংলিশ স্ট্রাইকার ইয়ান রাইটের মতো তারকারা টুর্নামেন্টজুড়ে এই লাইভ চ্যাটগুলো পরিচালনা করবেন। এ ছাড়া থ্রেডসে তৈরি করা হয়েছে একটি বিশেষ ফুটবল কমিউনিটি, যেখানে লাইভ স্কোর দেখার পাশাপাশি ফুটবল স্টিকার, কাস্টম ইমোজি এবং ম্যাচ শুরুর ‘গেম রিমাইন্ডার’ পাওয়া যাবে।
ইনস্টাগ্রামে ‘গোল’ অ্যানিমেশন ও ডেডিকেটেড সেকশন
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে একটি নির্দিষ্ট বিশ্বকাপ সেকশন। এখানে ক্লিক করলে বিভিন্ন দেশের অফিশিয়াল অ্যাকাউন্ট, রিলস, স্টোরিজ ও ব্রডকাস্টারদের আপডেট এক জায়গায় মিলবে। এ ছাড়া বন্ধুদের ইনবক্সে আরও মজার উপায়ে কানেক্ট হতে যুক্ত হয়েছে এআই-চালিত ‘গোল!’ ভয়েস ইফেক্ট। এই ইফেক্ট দিয়ে ভয়েস মেসেজ পাঠালেই চ্যাটের স্ক্রিনে ভেসে উঠবে চমৎকার একটি ফুটবল অ্যানিমেশন।
ফেসবুকে ‘ফুটবল মোড’ ও এআই জার্সি
ফেসবুক অ্যাপের হোম ফিডের ওপরের লোগোটিতে ডাবল-ট্যাপ করলেই পুরো অ্যাপে সক্রিয় হয়ে যাবে বিশেষ ‘ফুটবল মোড’। এটি চালু হওয়া মাত্রই ফুটবল থিমের রিঅ্যাকশন ও বিশেষ কিছু সারপ্রাইজ আনলক হবে। লোগোটি চেপে ধরে রাখলে খেলা যাবে একটি বিশেষ মিনি-গেমও। এ ছাড়াও রয়েছে এআই-চালিত ‘ওয়্যার ইট’ ফিচার। এর সাহায্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভক্তরা ভার্চুয়ালি নিজের প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে সেই ছবি প্রোফাইল বা স্টোরিতে পোস্ট করতে পারবেন।
মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ম্যাচের লাইভ আপডেট
বন্ধুদের গ্রুপ চ্যাটে খেলার নিখুঁত আমেজ দিতে মেসেঞ্জারে আসছে ‘লাইভ আপডেটস’ ফিচার। এর ফলে খেলা চলাকালীন গোল, লাল কার্ড বা যেকোনো বড় ঘটনার আপডেট কোনো রিফ্রেশ ছাড়া সঙ্গে সঙ্গে চ্যাটবক্সে চলে আসবে।
অন্যদিকে স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের সঙ্গে চুক্তি করে হোয়াটসঅ্যাপের সাধারণ ফুটবল ইমোজিটিকে বদলে সাময়িকভাবে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ রূপ দেওয়া হয়েছে। ভিডিও কলের জন্য ফুটবল ফিল্টার ও টুর্নামেন্টের সমস্ত আপডেট এক জায়গায় পেতে থাকছে একটি নির্দিষ্ট ‘ফুটবল ডিরেক্টরি’।
সাইবার সুরক্ষায় বিশেষ কড়াকড়ি
বিশ্বকাপের এই বিশাল উন্মাদনার সুযোগ নিয়ে যাতে কোনো ক্ষতিকর চক্র ভক্তদের ফাঁদে ফেলতে না পারে, সেজন্য প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা জোরদার করেছে মেটা। বিশেষ করে বড় টুর্নামেন্টকে কেন্দ্র করে বেড়ে যাওয়া টিকিট জালিয়াতি, স্ক্যাম, অনলাইন হয়রানি ও অপব্যবহার রোধ করতে অ্যাপের ভেতরে বিশেষ সতর্কবার্তা এবং রিমাইন্ডার নোটিশ যুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা নিরাপদ থেকে ফুটবল উৎসব উপভোগ করতে পারেন।
সূত্র: টেকলুসিভ

