ওপেনএআই ছাড়ছেন দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা সিমো

সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্বাহী ফিদজি সিমো ওপেনএআইয়ের পূর্ণকালীন দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের অসুস্থতা থেকে সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিতে তিনি এখন খণ্ডকালীন পরামর্শক হিসেবে কাজ করবেন।
চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ২০২৫ সালের মাঝামাঝি যোগ দেন সিমো। তিনি প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের ঘনিষ্ঠ শীর্ষ সহযোগীদের একজন হয়ে ওঠেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ৪০ বছর বয়সী এই ফরাসি-আমেরিকান নির্বাহী জানান, তিন মাসের চিকিৎসাজনিত ছুটির পর তিনি বুঝতে পেরেছেন, তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া প্রত্যাশার চেয়ে অনেক বেশি দীর্ঘ ও জটিল হবে।
তিনি লিখেছেন, ‘আমি এখনই এই সিদ্ধান্ত নিচ্ছি, কারণ এর আগে অনেকবার নেওয়ার চেষ্টা করেও নিতে পারিনি।’
তিনি জানান, গত সাত বছর ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করলেও বারবার কাজের গতি কমানোর পরামর্শ উপেক্ষা করেছেন।
৪০ বছর বয়সী ফরাসি-আমেরিকান নির্বাহী পোস্টুরাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোমের (পিওটিএস) তীব্রতা বাড়ায় এপ্রিল থেকে চিকিৎসাজনিত ছুটিতে ছিলেন। এটি একটি নিউরো-ইমিউন রোগ। ২০১৯ সাল থেকে তিনি এই সমস্যায় ভুগছেন।
ওপেনএআই থেকে সিমোর সরে দাঁড়ানো প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃত্বে ধারাবাহিক পরিবর্তনের সর্বশেষ ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার পরিবর্তন দেখেছে এবং বড় ধরনের আইপিও (শেয়ারবাজারে তালিকাভুক্তি) পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
তিনি লিখেছেন, ‘আমি এমন এক পরিবেশে বড় হয়েছি যেখানে বিশ্বাস করা হতো- সুযোগ খুব মূল্যবান, আর যখন তা আসে, তখন দুই হাত দিয়ে তা ধরে নিতে হয়।’
তিনি আরও বলেন, বিশেষ করে ওপেনএআইয়ের পদটিকে আমার কাছে এমন একটি ভূমিকা বলে মনে হয়েছিল, যার জন্য আমি আমার পুরো কর্মজীবন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম।





