logo

আবারও স্মার্ট গ্লাস আনছে গুগল

আবারও স্মার্ট গ্লাস আনছে গুগল
ছবি : সংগৃহীত

প্রায় এক দশকেরও বেশি সময় আগে গুগল গ্লাস বাজারে এনে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছিল গুগল। ২০১৫ সালে ব্যবহারকারীদের সমালোচনা, দাম বেশি হওয়া এবং প্রাইভেসি নিয়ে উদ্বেগের কারণে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। এবার সেই পুরোনো অধ্যায় পেরিয়ে আবারও স্মার্ট গ্লাস নিয়ে ফিরছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

গুগল জানিয়েছে, নতুন স্মার্ট গ্লাস বাজারে আসবে আগামী বছর। এই গ্লাসে ফ্রেমের ভেতরে একটি ছোট ক্যামেরা থাকবে এবং বাহুর অংশে থাকবে ছোট স্পিকার। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম জেমিনির সঙ্গে কথা বলতে পারবেন।

কোম্পানিটি জানিয়েছে, এই ডিভাইস ব্যবহারকারীদের হাত ব্যবহার না করেই এবং চোখ নিচে না নামিয়ে তথ্য পাওয়া বা কাজ করার সুবিধা দেবে। অর্থাৎ ব্যবহারকারী চারপাশে নজর রেখেই প্রয়োজনীয় তথ্য শুনতে পারবেন।

গুগল এবারের স্মার্ট গ্লাসের জন্য দুটি ডিজাইন দেখিয়েছে। একটি তৈরি করেছে জনপ্রিয় চশমা ব্র্যান্ড ওয়ারবি পার্কার এবং অন্যটি তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড জেন্টল মনস্টার।

প্রাথমিকভাবে এই গ্লাস শুধুমাত্র অডিওভিত্তিক হবে। অর্থাৎ এটি কানে কথা বলে তথ্য দেবে, স্ক্রিনে দেখাবে না। তবে ভবিষ্যতে এমন একটি ভার্সন আনার পরিকল্পনা আছে যেখানে লেন্সের ভেতরেই তথ্য দেখা যাবে।

গুগল জানিয়েছে, নতুন স্মার্ট গ্লাস শুধু অ্যান্ড্রয়েড নয়, অ্যাপল আইওএস ডিভাইসের সঙ্গেও কাজ করবে। এটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন এআই ফিচার ব্যবহার করতে পারবে।

২০১৩ সালে গুগল গ্লাস প্রথম বাজারে আসে। কিন্তু খুব দ্রুতই এটি বিতর্কে পড়ে যায়। মূল সমস্যা ছিল দাম বেশি হওয়া এবং প্রাইভেসি নিয়ে উদ্বেগ।

অনেকে মনে করেছিলেন, এই গ্লাস ব্যবহার করে গোপনে ভিডিও ধারণ করা সম্ভব, যা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। এসব সমালোচনার কারণে ২০১৫ সালের দিকে প্রকল্পটি বন্ধ করে দেয় গুগল।

এই নতুন স্মার্ট গ্লাসে গুগল গ্লাস মূলত এআই প্রযুক্তি জেমিনিকে কেন্দ্র করে কাজ করছে। আগের মতো শুধু একটি গ্যাজেট নয়, বরং এটিকে দৈনন্দিন সহকারী হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তি অনেক উন্নত হওয়ায় ব্যবহারকারীর অভিজ্ঞতা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে।

গুগল স্মার্ট গ্লাস একা নয়, এই বাজারে আরও বড় কোম্পানি কাজ করছে। মেটা ইতোমধ্যে রে-ব্যান ব্র্যান্ডের স্মার্ট গ্লাস বাজারে এনেছে, যা এখন পর্যন্ত কয়েক মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে বলে জানা যায়।

এ ছাড়া স্ন্যাপ নতুন ভার্সনের স্মার্ট গ্লাস আনতে কাজ করছে। অন্যদিকে অ্যাপলও নিজস্ব স্মার্ট গ্লাস তৈরির পরিকল্পনা করছে বলে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে।

প্রাইভেসি নিয়ে আবারও উদ্বেগ

স্মার্ট গ্লাসে ক্যামেরা থাকার কারণে আবারও প্রাইভেসি নিয়ে প্রশ্ন উঠছে। অনেকের আশঙ্কা, মানুষ বুঝতেই পারবে না কখন তাদের ভিডিও বা ছবি তোলা হচ্ছে।

এই সমস্যা আগেও গুগল গ্লাস এবং এখন মেটার স্মার্ট গ্লাস নিয়েও দেখা গেছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মত

বিনিয়োগকারী এবং প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, স্মার্ট গ্লাস ভবিষ্যতের বড় প্রযুক্তি হতে পারে। এটি স্মার্টফোনের পর নতুন ধরনের দৈনন্দিন ডিভাইস হিসেবে জনপ্রিয় হতে পারে।

ডেভেলপারদের মতে, এই ডিভাইস দিয়ে গুগল ম্যাপস, ভয়েস অ্যাসিস্ট্যান্টসহ নানা সেবা আরও সহজভাবে ব্যবহার করা যাবে।

সূত্র: বিবিসি