বাংলাদেশ থেকেই আজ দেখা যাবে বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

আজ আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। ২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার (৩ মার্চ)। গ্রহণ চলাকালে চাঁদ ধারণ করবে তামাটে-লাল আভা—যা ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ নামে পরিচিত।
এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত।
কখন শুরু, কখন পূর্ণগ্রাস?
গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণের সূচনা হবে।
পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণের সময় বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ড। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫।
রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে চাঁদের বেরিয়ে আসার মধ্য দিয়ে গ্রহণ সম্পূর্ণ শেষ হবে।
কেন লাল হয়ে যায় চাঁদ?
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়। ফলে সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত হয়ে সূর্যালোর একটি অংশ চাঁদের ওপর পড়ে।
বায়ুমণ্ডল নীল রঙের ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বেশি বিচ্ছুরিত করে এবং লাল রঙের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য চাঁদের দিকে পাঠিয়ে দেয়। এ কারণেই গ্রহণের সময় চাঁদ তামাটে বা লালচে দেখায়।
নাসার তথ্য অনুযায়ী, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল দেখানোর পেছনেও একই বৈজ্ঞানিক কারণ কাজ করে।
কোথায় হবে কেন্দ্রীয় দৃশ্যমানতা?
কেন্দ্রীয় গতিপথ থাকবে উত্তর প্রশান্ত মহাসাগরে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দক্ষিণ-পশ্চিমে। এ ছাড়া কিমম্যান রিফ জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য, হুল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন সাগর অঞ্চলের মাইক্রোনেশিয়ার কোসরাই দ্বীপ ও লুগাও অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশ থেকেও গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে।
বাংলাদেশে কখন দেখা যাবে?
বাংলাদেশে চন্দ্রোদয়ের পর গ্রহণের শেষাংশ দেখা যাবে রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত। বিভাগীয় শহরভিত্তিক সময়সূচি নিচে দেওয়া হলো—
ঢাকায় সন্ধ্যা ৬টা ০১ মিনিট ১২ সেকেন্ড, চট্টগ্রামে বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড, সিলেটে বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড, রাজশাহীতে সন্ধ্যা ৬টা ০৭ মিনিট ৩৬ সেকেন্ড, খুলনায় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট ১২ সেকেন্ড, বরিশালে সন্ধ্যা ৬টা ০১ মিনিট ৫৪ সেকেন্ড, ময়মনসিংহে সন্ধ্যা ৬টা ০০ মিনিট ২৪ সেকেন্ড ও রংপুরে সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ৩৬ সেকেন্ড।
আবহাওয়া অনুকূলে থাকলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খালি চোখেই উপভোগ করা যাবে এই বিরল ‘ব্লাড মুন’।

