logo

এনভিডিয়া সিইওর নারী বিতর্ক/মাত্র ৩০ মিনিটে উধাও ৯২ হাজার কোটি টাকা, শীর্ষ ধনীর তালিকায়ও পতন

মাত্র ৩০ মিনিটে উধাও ৯২ হাজার কোটি টাকা, শীর্ষ ধনীর তালিকায়ও পতন
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও সন্দেহভাজন চীনা গুপ্তচর নারী। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের অগ্রদূত হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং এবার ব্যক্তিগত জীবনের এক বড় বিতর্কের মুখে পড়েছেন। দাম্পত্য অবিশ্বস্ততার স্বীকারোক্তি এবং সেই সংক্রান্ত গোয়েন্দা গুঞ্জনের পর ধস নেমেছে এনভিডিয়ার শেয়ারবাজারে। এতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই ধনকুবের হারিয়েছেন প্রায় ৯২ হাজার ১৩০ কোটি টাকা। যার প্রভাবে বিলিয়নেয়ারদের শীর্ষ তালিকা থেকেও দুই ধাপ পেছাল তার নাম।

প্রতিবেদন অনুযায়ী, এক নারী নির্বাহী কর্মকর্তার সঙ্গে সম্পর্কের বিষয়টি সম্প্রতি জনসমক্ষে স্বীকার করেছেন হুয়াং।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, ওই নারী চীনের হয়ে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত একজন সম্ভাব্য গোয়েন্দা। এ ঘটনার পর হুয়াং তার স্ত্রী লরি হুয়াং ও সন্তানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং বিষয়টি নিয়ে শুরু হওয়া অভ্যন্তরীণ তদন্তে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

ব্যক্তিগত বিতর্কের এই প্রভাব সরাসরি পড়েছে এনভিডিয়ার শেয়ারের ওপর। ফোর্বসের তথ্যমতে, ঘটনা জানাজানির পর সোমবার (৯ নভেম্বর) শেয়ারবাজার খোলার প্রথম আধা ঘণ্টার মধ্যেই জেনসেন হুয়াংয়ের নিট সম্পদ ৭.৪ বিলিয়ন ডলার কমে ১৫৪.৭ বিলিয়ন ডলারে নেমে আসে। বাংলাদেশি মুদ্রায় এই ক্ষতির পরিমাণ প্রায় ৯২ হাজার ১৩০ কোটি টাকা।

এর ফলে ফোর্বসের বিশ্বসেরা ধনীদের তালিকায় তার নাম আট নম্বর থেকে ১০ নম্বর স্থানে নেমে আসে। মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট ও ল্যারি এলিসনের মতো প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের চেয়ে পেছনে পড়ে যান তিনি। এর আগে ৬ নভেম্বর প্রযুক্তি খাতের মন্দার কারণেও হুয়াংয়ের সম্পদ ১৫.১ বিলিয়ন ডলার কমে গিয়েছিল।

এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো আন্তর্জাতিক চক্রান্ত বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে কি না, তা খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্পষ্ট করেছে, কোম্পানির কোনো গোপন তথ্য বা প্রযুক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রমাণ মেলেনি এবং হুয়াং যথারীতি তার পদে বহাল রয়েছেন।

এই ব্যক্তিগত কেলেঙ্কারির পর মার্কিন প্রযুক্তি ও অর্থনৈতিক অঙ্গনে নতুন এক হিসাব শুরু হয়েছে। যদি হুয়াং দম্পতির চার দশকের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে, তবে তার প্রায় ১৫০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের কী হবে?

জেনসেন ও লরি হুয়াং ১৯৮৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যা এনভিডিয়া প্রতিষ্ঠার (১৯৯৩) প্রায় আট বছর আগের ঘটনা। ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই লরি তার স্বামীর পাশে রয়েছেন এবং পরিবারের আর্থিক বিষয়গুলো তদারকি করে আসছেন।

ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, বিয়ের পর অর্জিত সমস্ত সম্পদ স্বামী-স্ত্রীর মধ্যে সমান ভাগে (৫০-৫০) ভাগ হওয়ার নিয়ম রয়েছে। সেই হিসাবে, হুয়াংয়ের ১৬২.২ বিলিয়ন ডলারের সম্পদের অর্ধেক অর্থাৎ ৮১.১ বিলিয়ন ডলারের দাবিদার হতে পারেন তার স্ত্রী। এটি হলে তা হবে ইতিহাসের অন্যতম বৃহত্তম বিবাহবিচ্ছেদের নিষ্পত্তি, যা আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের প্রাপ্ত ৩৫ বিলিয়ন ডলারের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

তবে আইনজীবীরা মনে করছেন, এই অঙ্কটি এখনো সম্পূর্ণ কাল্পনিক। তাদের প্রাক্‌-বৈবাহিক কোনো চুক্তি রয়েছে কি না এবং পৃথক সম্পদের কোনো হিসাব রয়েছে কি না, তা এখনো প্রকাশ্যে আসেনি। এ ছাড়া এই দম্পতি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কোনো আবেদনও জানাননি।

উল্লেখ্য, জেনসেন হুয়াংয়ের মোট সম্পদের সিংহভাগই এনভিডিয়ার ৩.৫ শতাংশের বেশি শেয়ারের ওপর নির্ভরশীল। ফলে শেয়ারবাজারের মূল্যের ওঠানামার সঙ্গেই তার ব্যক্তিগত নিট সম্পদের পরিবর্তন ঘটে।