চীনে পারকিনসন রোগের জন্য এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্ল্যাটফর্ম চালু

পারকিনসন রোগের জন্য চীনের প্রথম এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্ল্যাটফর্ম চালু করেছে বেইজিংয়ের সুয়াউ ক্যাপিটেল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুয়ানউ হাসপাতাল। হাসপাতালটির পারকিনসন গবেষণা দলের নেতৃত্বে তৈরি প্ল্যাটফর্মটি রোগীদের সহজে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সুযোগ দেবে এবং অপ্রয়োজনীয় বারবার চিকিৎসা পরামর্শ নেওয়ার চাপ কমাবে বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিএমজি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, প্ল্যাটফর্মটি তৈরিতে হাসপাতালটির ২০ বছরের বেশি সময়ের ক্লিনিক্যাল গবেষণার তথ্য ব্যবহার করা হয়েছে। এরমধ্যে রয়েছে রোগীদের মেডিকেল রেকর্ড, গবেষণা প্রতিবেদন, শিক্ষা উপকরণ ও বিভিন্ন বৈজ্ঞানিক প্রকাশনা।
হাসপাতালের পারকিনসন রোগ গবেষণা ও চিকিৎসাকেন্দ্রের পরিচালক ছেন বিয়াও বলেন, ‘এই এআই সিস্টেম রোগীদের প্রায় ৯০ শতাংশ সাধারণ প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এতে চিকিৎসকেরা জটিল রোগীদের চিকিৎসায় আরও বেশি সময় দিতে পারবেন।’
স্মার্টফোন ব্যবহার করে রোগীরা পারকিনসন রোগ সম্পর্কে প্রশ্ন করলে এআই ডাক্তার বিজ্ঞানভিত্তিক তথ্য দিয়ে উত্তর দেয়। তবে এটি নির্দিষ্ট চিকিৎসা পরামর্শ দেয় না, ফলে চিকিৎসা-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের হাতেই থাকে।
এ প্ল্যাটফর্মের মাধ্যমে রোগীরা হাসপাতালের অনলাইন সেবার সঙ্গে যুক্ত হয়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও প্রেসক্রিপশন সেবাও নিতে পারবেন।
ভবিষ্যতে এই প্ল্যাটফর্মকে ওয়্যারেবল ডিভাইসের সঙ্গে যুক্ত করে ওষুধ ব্যবস্থাপনা, পুনর্বাসন প্রশিক্ষণ, দৈনন্দিন পরিচর্যা এবং মানসিক সহায়তার মতো সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ছেন বিয়াও।