ডিএক্সের হাত ধরে বাংলাদেশের হুয়াওয়ে ডিভাইসের নতুন যাত্রা

বাংলাদেশের বাজারে আবারও আসলো ‘হুয়াওয়ে’ ডিভাইস। দেশিয় প্রতিষ্ঠান ‘ডিএক্স গ্রুপ’ এর হাত ধরে আট বছর পর বাজারে এসেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড হুয়াওয়ের ১৩টি স্মার্ট ডিভাইস। এর মধ্যে আছে মোবাইল ফোন, ট্যাব, ওয়্যারেবল ডিভাইস (স্মার্টওয়াচ, ইয়ারবাড)।
সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে হুয়াওয়ে কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ডিভাইসগুলো গণমাধ্যমকর্মী এবং কনটেন্ট ক্রিয়েটরদের সামনে তুলে ধরা হয়।
‘নাও ইজ ইয়োর স্পার্ক’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, প্রযুক্তি ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।
হুয়াওয়ে এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ওয়্যারেবল গ্যাজেট এবং অডিও ক্যাটাগরিতে এসব পণ্য বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে উন্নত ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো’, প্রিমিয়াম ফোল্ডেবল ফোন ‘মেট এক্স৭’, এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী ‘মেটপ্যাড ১১.৫’।
এ ছাড়া স্টাইলিশ ডিজাইন ও স্বাস্থ্য সুরক্ষায় ‘ওয়াচ ফিট ৫ সিরিজ’ এবং সি-ব্রিজ ডিজাইনের ওপেন-ইয়ার অডিও ডিভাইস ‘ফ্রিক্লিপ ২’ -সহ নানা পণ্য।
অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, হুয়াওয়ের মূল শক্তিই উদ্ভাবন। আমরা এমন সব ফ্ল্যাগশিপ পণ্য এনেছি যা গ্রাহকদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করবে।
বাংলাদেশে হুয়াওয়ে ডিভাইসের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে ডিএক্স গ্রুপের নাম ঘোষণা করা হয়। ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, হুয়াওয়ের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আমরা গর্বিত এবং দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এই পণ্যগুলো গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আসা এই ডিভাইসগুলোতে গ্রাহকরা জেনুইন ওয়ারেন্টি, আসল পার্টস ও বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবা পাবেন বলে নিশ্চিত করেছে হুয়াওয়ে।
