গুগল ম্যাপে বাড়ির ঠিকানা যোগ করবেন যেভাবে

দৈনন্দিন জীবনে পথ খুঁজতে গুগল ম্যাপ বেশ কাজে আসে। নিজের বাড়ির ঠিকানা এতে সংরক্ষণ করে রাখলে পরে দ্রুত বাড়ির অবস্থান খুঁজে পাওয়া এবং পথনির্দেশ নেওয়া সহজ হয়। এমনকি অন্য কাউকে নিজের বাড়ির অবস্থান জানাতেও এটি কাজে লাগে।
বাড়ি পরিবর্তন করলে গুগল ম্যাপে সংরক্ষিত ঠিকানাও সহজেই পরিবর্তন করা যায়। চাইলে নতুন ঠিকানা লিখে অথবা সরাসরি ম্যাপে পিন বসিয়ে বাড়ির অবস্থান নির্ধারণ করা যায়।
ম্যাপে বাড়ির অবস্থান না থাকলে কী করবেন
কোনো বাড়ি বা নির্দিষ্ট স্থান গুগল ম্যাপে না থাকলেও সেটি যোগ করার সুযোগ রয়েছে।
প্রথমে গুগল ম্যাপ খুলে সার্চ বারের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার অবস্থান খুঁজে নিন। এরপর নতুন স্থান যোগ করার অপশন নির্বাচন করুন।
সেখানে স্থানটির নাম, ঠিকানা এবং উপযুক্ত শ্রেণি বা ধরন নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর ‘জমা দিন’ অপশনে ট্যাপ করলে তথ্যটি গুগলের কাছে পর্যালোচনার জন্য পাঠানো হবে।
বাড়ির ঠিকানা যোগ করবেন যেভাবে
প্রথমে ফোন বা ট্যাবলেটে গুগল ম্যাপস অ্যাপ খুলুন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. স্ক্রিনের নিচে থাকা ‘সেভড’ অপশনে ট্যাপ করুন।
২. তালিকাগুলোর মধ্যে ‘লেবেল অ্যাড’ অপশন নির্বাচন করুন।
৩. ‘হোম’-এর পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন।
৪. নতুন ঠিকানা দিতে ‘হোম যোগ করুন’ নির্বাচন করুন।
৫. এবার বাড়ির ঠিকানা লিখুন। চাইলে ‘মানচিত্রে নির্বাচন করুন’ অপশন ব্যবহার করে সরাসরি ম্যাপে বাড়ির অবস্থানে পিন বসানো যাবে।
৬. ঠিকানা ও অবস্থান ঠিক আছে কি না দেখে ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে গুগল ম্যাপে বাড়ির ঠিকানা সংরক্ষণ করা যাবে। এরপর প্রয়োজন হলে ‘হোম’ নির্বাচন করেই বাড়ির জন্য পথনির্দেশ নেওয়া সম্ভব হবে।
ঠিকানা পরিবর্তন করবেন যেভাবে
বাড়ি পরিবর্তন করলে গুগল ম্যাপে আগের ঠিকানাটিও হালনাগাদ করে নিতে হবে। এ জন্য গুগল ম্যাপস অ্যাপ খুলে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
এরপর ‘সেটিংস’-এ গিয়ে ‘হোম’ অপশন নির্বাচন করুন। ‘হোম’-এর পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করে ‘এডিট হোম’ নির্বাচন করুন।
এরপর আগের ঠিকানাটি সরিয়ে নতুন ঠিকানা লিখুন। গুগল ম্যাপ সম্ভাব্য ঠিকানা দেখালে সেখান থেকে সঠিক ঠিকানাটি নির্বাচন করা যাবে।
ঠিকানা খুঁজে না পেলে সরাসরি ম্যাপে নির্দিষ্ট জায়গায় পিন বসিয়েও অবস্থান ঠিক করা যাবে। সব তথ্য যাচাই করে ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
গুগল ম্যাপে বাড়ির সঠিক ঠিকানা সংরক্ষণ করা থাকলে প্রতিবার ঠিকানা লিখে খোঁজার প্রয়োজন হয় না। অপরিচিত জায়গা থেকে বাড়ির পথ বের করা কিংবা অন্য কাউকে বাড়ির অবস্থান জানানোও সহজ হয়।
নতুন বাড়িতে উঠলে পুরোনো ঠিকানা রেখে না দিয়ে দ্রুত নতুন ঠিকানা সেট করে নেওয়া ভালো। এতে পরে পথনির্দেশ নেওয়ার সময় ভুল জায়গায় যাওয়ার ঝুঁকি কমবে।


