৪ দিন ৮ ঘণ্টা করে ধীরগতি থাকবে ইন্টারনেট

আগামী চার দিনের প্রতিদিন আট ঘণ্টা করে দেশজুড়ে ধীর গতি থাকবে ইন্টারনেটের। আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত এই ধীর গতি অনুভূত হবে।
বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
এতে বলা হয়, সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চার দিন প্রতিদিন ৮ ঘণ্টা করে বিঘ্ন ঘটতে পারে ইন্টারনেট সেবায়। এ সময়ে ইন্টারনেটে ধীরগতিও দেখা যেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই-৫’ এর কনসোর্টিয়াম কর্তৃক ‘এস ১.৫.১ শান্ট ফল্ট রিপেয়ার’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট চার দিন দৈনিক ৮ ঘণ্টা সময় ধরে চলমান থাকবে।
এ সময়কালে কার্যক্রমটি ট্রাফিক ইফেক্টিং হওয়ায় এসএমডব্লিউ৫ সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটসমূহ সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে, ইন্টারনেট গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকার সময় বিএসসিপিএলসির অন্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেবাদান পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ এশিয়া পোস্টকে জানান যে, ‘সি-মি-উই-৫’ রক্ষণাবেক্ষণ থাকাকালীন ‘সি-মি-উই-৪’ পূর্ণ ক্ষমতায় সচল থাকবে। এ বিষয়ে গ্রাহকদের ইতোমধ্যে জানানো হয়েছে। অনেকেই ইতোমধ্যে সুইচ পরিবর্তন করেছে।
বিএসসিপিএলসি বলছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যেন নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।